ইংল্যান্ডের লক্ষ্য ১৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বটা দারুণ কেটেছে নিউজিল্যান্ডের। কাঁটা হয়েছিল একটি বিষয়, কলিন মানরোর ব্যাটিং। প্রায় সব ব্যাটসম্যানই রান পেলেও মানরোর ব্যাট হাসছিল না টুর্নামেন্টের শুরু থেকে। কিন্তু সেমিফাইনালের মতো বড় উপলক্ষ পেয়েই জ্বলে উঠলেন তিনি। মানরোর ব্যাটে চড়েই দিল্লিতে আজ ইংল্যান্ডকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের আগে ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে বিশ্বকাপ শুরু হতেই কেন যেন ধার হারিয়ে ফেললেন। বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে দ্বিতীয় জীবন পেয়ে কিছু রান করলেও ব্যাটিংটা ঠিক মানরো-সুলভ ছিল না। তবে আট বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ডকে আজ পথ দেখালেন ওই মানরো এবং সেটা নিজের মতো ব্যাটিং দিয়েই।
শুরুতে অবশ্য মনে হচ্ছিল দিনটি মার্টিন গাপটিলের। প্রথম বলে ডেভিড উইলিকে চার মেরে শুরু, প্রথম ওভারেই ১১ রান। কিন্তু সেটি ইঙ্গিত হয়েই রয়ে গেল, ঝড়ে রূপ নিল না। মাত্র ১৫ রানে আউট গাপটিল। অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গী করে ৫০ বলে ৭৪ রানের জুটি গড়লেন মানরো। একাদশ ওভারেই ৯১ করে ফেলে নিউজিল্যান্ড। সম্ভাব্য স্কোর ভাবা হচ্ছিল দুই শ। কিন্তু তারপরই পথ হারায় কিউইরা। প্রথম ফেরেন ৩২ রান করা উইলিয়ামসন। একটু পরে ফিরে যান মানরোও। ৩২ বলে ৭টি চার ও ১টি ছক্কা মেরে ৪৬ করা মানরো যাওয়ার পরও অবশ্য নিউজিল্যান্ডের দৃষ্টিসীমায় বড় স্কোর ছিল। কিন্তু ইংলিশ বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে কোরি অ্যান্ডারসনই শুধু দুই অঙ্ক পার করতে পেরেছেন। ২৩ বলে ২৮ রান করেছেন অ্যান্ডারসন।
টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান ফিল্ডিং বেছে নিয়েছেন কি বুঝে, সেটা রহস্য। নিজেদের শক্তির জায়গা রান তাড়ার কথা মাথায় রেখেই হয়তো সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু সেটা করতে গিয়ে যে নিউজিল্যান্ডকেই শক্তি দেখানোর সুযোগ করে দিলেন! এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করে জিতেছে নিউজিল্যান্ড। দেখা যাক আজ কি হয়! সূত্র: ক্রিকইনফো