ইংল্যান্ডের লক্ষ্য ১৭০ রান
সেমিফাইনালটা নিশ্চিত জেনেই আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। শেষ চারের লড়াইয়ে টিকে থাকার লড়াইটা মূলত ইংল্যান্ডেরই। আর এই লড়াইয়ে জয়ের জন্য ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে লঙ্কানরা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন মাহেলা জয়াবর্ধনে। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। পঞ্চম ওভারে দলীয় ৩৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। ১৬ রান করে ফিরে যান তিলকরত্নে দিলশান। দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে শক্ত ভিত্তি গড়ে দেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। ১১তম ওভারে এই দুই ব্যাটসম্যানকে সাজঘরমুখী করে ইংল্যান্ডের সমর্থকদের আনন্দে ভাসিয়েছিলেন গ্রায়েম সোয়ান। কিন্তু চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়ে আবারও শ্রীলঙ্কাকে চালকের আসনে বসান জীবন মেন্ডিস ও অ্যাঙ্গেলো ম্যাথুস। ১৫তম ওভারে এবার লঙ্কান শিবিরে হানা দেন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। সোয়ানের মতো একইভাবে টানা দুই বলে তুলে নেন মেন্ডিস ও ম্যাথুসের উইকেট। শেষপর্যায়ে থিসারা পেরেরার ১৬ বলে ২৬ রানের হার-না-মানা ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৬৯ রান যোগ করে শ্রীলঙ্কা।