ইংল্যান্ডের লক্ষ্য ২৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর বিপর্যয়টা সামলে ভারতকে পথ দেখিয়েছিলেন যুবরাজ সিং ও বিরাট কোহলি। যুবরাজ, কোহলির পর সুরেশ রায়না পাল্টা আক্রমণের বাটনটা হাতে ধরে রেখেছিলেন। সঙ্গে ছিলেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। শেষ অবধি সেই ধোনিই রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতের সংগ্রহকে নিয়ে গেলেন সম্মানজনক উচ্চতায়। কোচিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২৮৫ রান। টসে জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল হতাশার। দলীয় ১৮ রানে প্রথমে গৌতম গম্ভীর ও পরে অজিঙ্ক রাহানেকে হারায় ভারত। ইংলিশ পেসার স্টিভেন ফিন ও জাডে ডার্নব্যাচের দারুণ দুটি বল ছত্রখান করে দেয় গম্ভীর ও রাহানের স্টাম্প।গম্ভীর ও রাহানের উইকেট দুটি হারিয়ে কিছুটা দিগভ্রান্ত ভারতকে পথ দেখাতে শুরু করেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। নিজেদের মধ্যে ৫৩ রানের জুটি গড়ে এরা যখন পাল্টা আক্রমণে যেতে উদ্যত, ঠিক তখনই যুবরাজ সিংকে এলবির ফাঁদে ফেলেন জেমস ট্রেডওয়েল। যুবরাজের শরীরী ভাষা অবশ্য এই সিদ্ধান্তটিকে একটু বিতর্কিতই করেছে।যুবরাজ প্যাভিলিয়নে ফিরলে বিরাট কোহলি সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ভারতীয় দলের সংগ্রহ একশ পার করেন। দলীয় ১১৯ রানের মাথায় একটি ‘রাশশট’ প্যাভিলিয়নে ফেরায় বিরাট কোহলিকে। এর পরই রায়না ও ধোনির মধ্যে গড়ে ওঠে ইনিংসের গতি-প্রকৃতি পরিবর্তন করে দেওয়া এক জুটি।ধোনি ও রায়না নিজেদের মধ্যে ৫৫ রানের জুটি গড়ে ভারতকে ফিরিয়ে নিয়ে আসেন ম্যাচে। রায়না ব্যক্তিগত ৫৫ রানে স্টিভেন ফিনের বলে বোল্ড হন। রায়নার বিদায়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ব্যাটিং শৈলীর অনুপম প্রদর্শনীতে মোহিত করেন কোচির নেহরু স্টেডিয়ামের ৫০ হাজার দর্শককে। ৭২ রান করে ভারতকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। রবীন্দ্র জাদেজা ধোনিকে সঙ্গ দেন দারুণ এক হাফ সেঞ্চুরি করে। মাত্র ৩৭ বলে করা জাদেজার ৬১-তে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার। শেষ ১০ ওভারে ৯৬ রান তুলে ভারতের সংগ্রহকে ইংল্যান্ডের জন্য কঠিন করে তোলেন ধোনি ও জাদেজা।