ইংল্যান্ডের লক্ষ্য ৩০৫ রান
ইংল্যান্ড থেকে একমাত্র ম্যাচটি জিতে দেশে ফেরার লড়াইয়ের শুরুটা ভালোভাবেই করেছে ভারত। বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির সুবাদে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩০৫ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা। বিদায়ী ম্যাচটা কিছুটা স্মরণীয় করে রেখেছেন রাহুল দ্রাবিড়ও। তাঁর ব্যাট থেকে এসেছে ৬৯ রান। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে তাঁর ১৭০ রানের জুটিটিই ভারতকে এনে দিয়েছে বড় সংগ্রহের ভিত্তি।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ৫৭ রানেই দুই ওপেনার আজনকা রেহানে ও পার্থিব প্যাটেলকে সাজঘরে পাঠিয়ে শুরুটাও মোটামুটি ভালোভাবেই করেছিল স্বাগতিকরা। কিন্তু তৃতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে ইংলিশ বোলারদের হতাশায় পোড়ান দ্রাবিড় ও কোহলি। ব্যক্তিগত ৬৯ রানের মাথায় সোয়ানের বলে বোল্ড হয়ে একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন দ্রাবিড়। পরের ওভারে কোহলির উইকেটও তুলে নেন সোয়ান। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতকটি পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ মুহূর্তে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ওয়েবসাইট