কথাবার্তায় রাখঢাক রাখার অভ্যাস খুব একটা নেই গ্রায়েম সোয়ানের। ইংলিশ স্পিনার ওভালে ইংল্যান্ডের ইনিংস হারকে বলছেন, ‘প্রকাশ্য লজ্জা’। একটু ঘুরিয়ে সোয়ানের কথাকে খাস বাংলায় বলা যায় ‘গণধোলাই’। তো এই ধোলাই নাকি যথেষ্টই জ্বালা ধরিয়ে দিয়েছে ইংলিশদের মনে। নিজেরা জ্বলে উঠে জ্বালাটা এবার ফিরিয়ে দিতে চায় প্রতিপক্ষকে।সোয়ানের দাবিমতো জ্বালা থাকুক আর না থাকুক, জ্বলে ওঠাটা জরুরি ইংলিশদের। ১ নম্বর জায়গাটা যে যায় যায়! চূড়ায় ওঠার পর থেকেই পারফরম্যান্সে নাটকীয় অধঃপতন ইংল্যান্ডের। পাকিস্তানের কাছে ধবলধোলাই, শ্রীলঙ্কায় বাজে হার। তবু কোনো রকমে টিকে ছিল শীর্ষস্থান। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হার খাদের একেবারে কিনারায় ঠেলে দিয়েছে তাদের। দ্বিতীয় টেস্ট হারলেই চূড়ান্ত পতন। আজ শুরু হেডিংলি টেস্ট তাই ইংল্যান্ডের অগ্নিপরীক্ষা। ওভালের বড় জয়ের পর দক্ষিণ আফ্রিকা এখন পরিষ্কার ফেবারিট। প্রত্যাশার চাপটাও তাই বেশি। প্রোটিয়াদের আত্মবিশ্বাসের পালে আরেকটু জোর হাওয়া দিচ্ছে হেডিংলির সাম্প্রতিক ইতিহাস। সর্বশেষ দুই সফরেই এখানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নাটকীয় কিছু না হলে একাদশেও পরিবর্তনের সম্ভাবনা নেই। উইকেটের পেছনে দাঁড়াবেন এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের একাদশে একটা পরিবর্তন নিশ্চিত। ব্যক্তিগত কারণে রবি বোপারা সরে দাঁড়ানোয় অভিষেক হচ্ছে নটিংহামশায়ারারের ২২ বছর বয়সী ব্যাটসম্যান জেমস টেলরের। টিম ব্রেসনানের জায়গা নিতে পারেন স্টিভেন ফিন। সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজও। ক্রিস গেইলের ফেরায় উজ্জীবিত ক্যারিবিয়রা প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটে। কিউইদের সমতায় ফেরার আশা বড় ধাক্কা খেয়েছে চোটের কারণে ড্যানিয়েল ভেট্টোরিকে হারানোয়। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না রবি রামপলকে। ওয়েবসাইট।