ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার তুলনায় যেতে চান না ক্লোসা
ইংল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। শেষ আটের লড়াইয়ে শক্ত লড়াই হবে—এমনটাই প্রত্যাশা করছেন মিরোস্লাভ ক্লোসা। তবে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার কোনো শক্তির তুলনায় যেতে নারাজ এই জার্মান স্ট্রাইকার।ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর জার্মান দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। কোয়ার্টার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা। জার্মান সমর্থকেরা মনে করেন, তাঁদের দল ইংল্যান্ডের মতোই আর্জেন্টিনাকে উড়িয়ে দেবে। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা কোনো তুলনায় যেতে রাজি হননি। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে কোনো তুলনায় যেতে চাই না আমি। দুই দলের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন।’ কিন্তু আর্জেন্টিনা-জার্মানির কোয়ার্টার ফাইনালে জার্মানির সম্ভাবনা সম্পর্কে তিনি বলেছেন, ম্যাচের দিন যে দল মাঠে নিজেদের দখল প্রতিষ্ঠা করতে পারবে, তারাই ম্যাচ জিতবে।মেসি ‘জাদুতে’ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। দলে আছেন তেভেজ, হিগুয়েইনদের মতো স্ট্রাইকার। তবে তারকার সংখ্যায় ম্যারাডোনার দল এগিয়ে থাকলেও এটি নিয়ে ভাবনার কোনো কারণ নেই বলে সোজা জানিয়ে দিয়েছেন ক্লোসা। তিনি বলেছেন, ‘ফুটবলারদের দিকে তাকালে আর্জেন্টিনাকে অনেক শক্তিশালী দল মনে হবে। একই অবস্থা ছিল ইংল্যান্ডের। কাগজে-কলমে ইংল্যান্ডের ফুটবলারদেরই বরং বেশি খ্যাতি ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে তারকাখ্যাতি, নাম—এসব কোনো ব্যাপার নয়। আসল কথা হলো আপনি ম্যাচের দিন কেমন খেলছেন। ম্যাচে মাঠ মাতিয়ে দিতে পারে যেকোনো খেলোয়াড়ই।’