ইংল্যান্ডের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি পিটারসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড দলে নিজের জায়গাটা বেশ ভালোভাবেই পাকাপোক্ত করেছেন কেভিন পিটারসেন। এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে পূর্ণাঙ্গভাবে চুক্তিবদ্ধও হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। গতকাল বুধবার পিটারসেনের এই পূর্ণাঙ্গ চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের কোচ অ্যাশলে গিলস। গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সমালোচনা করে দল থেকে বাদ পড়েছিলেন কেভিন পিটারসেন। এরপর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে এ বছরের শেষে আবার ইংল্যান্ড দলে জায়গা করে নেন পিটারসেন। কিন্তু ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর পূর্ণাঙ্গ চুক্তির বিষয়টি ঝুলেই ছিল। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ১০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করলেও সেই তালিকায় নাম ছিল না পিটারসেনের। তবে এবার পূর্ণাঙ্গ চুক্তির মধ্য দিয়ে তিনি আবার বেশ ভালোভাবেই ক্রিকেট অঙ্গনে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। পিটারসেনের এই চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের সেপ্টেম্বরে।—ডন অনলাইন