ইংল্যান্ডের সঙ্গে ব্রাজিলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশা কাটছেই না ব্রাজিলের। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নতুন সাজে সজ্জিত মারাকানা স্টেডিয়ামেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল রোববার রাতে ইংল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেলেকাওরা।২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ লুইস ফেলিপে স্কলারি গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ছয়টি ম্যাচ খেলল ব্রাজিল। এর মধ্যে গতকালের ম্যাচটি নিয়ে ড্রয়ের সংখ্যা দাঁড়াল চার। জয় কেবল একটিতে, বলিভিয়ার বিপক্ষে। একমাত্র হারের স্বাদটি পেতে হয় ওয়েম্বলিতে, ইংল্যান্ডের কাছে।গতকাল ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বেশির ভাগ নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলীয়দের দখলে। ইংল্যান্ডের রক্ষণভাগে দুর্দান্ত কয়েকটি আক্রমণ চালান নেইমাররা। কিন্তু তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন ইংলিশ গোলরক্ষক জো হার্ট। প্রথমার্ধের এই সময়টাকে বার্তা সংস্থা রয়টার্স অভিহিত করেছে স্কলারির দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের ‘সেরা ৪৫ মিনিট’ হিসেবে।দ্বিতীয়ার্ধের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। ৫৭ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ফ্রেড। এর ঠিক ১০ মিনিট পর ম্যাচে সমতা ফেরান ইংলিশ স্ট্রাইকার ওলাদে। ৭৯ মিনিটে ওয়েইন রুনি গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিলে হারের শঙ্কায় পড়ে ব্রাজিল। তবে তিন মিনিট পরই ব্রাজিলকে সমতায় ফিরিয়ে এনে মারাকানায় ‘স্বস্তি’র বাতাস বইয়ে দেন মিডফিল্ডার পাওলিনহো।কাগজে-কলমে প্রীতি ম্যাচ হলেও এটাি ছিল ব্রাজিলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে কনফেডারেশনস কাপের আগে ‘আত্মতৃপ্তি’ লাভের একটা ব্যাপার ছিল। তা ছাড়া ২০১৪ বিশ্বকাপ উপলক্ষে নতুন সাজে সজ্জিত মারাকানা স্টেডিয়ামের নয়া অধ্যায়টি একটি জয় দিয়ে উদযাপনেরওা ব্যাপার ছিল। আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালসহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এই ঐতিহাসিক স্টেডিয়ামে। সবচেয়ে বড় কথা, কালকের ম্যাচটি ব্রাজিলের জন্য ব্যর্থতার বৃত্ত ভাঙারও একটা উপলক্ষ হতে পারত।ম্যাচ শেষে স্কলারি সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধে আমরা অসাধারণ খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে যা হয়েছে, তা আমি চাইনি; আমরা অগোছালো হয়ে পড়েছিলাম। গোল করা, ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার মতো সুযোগ আমরা প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছিলাম।’দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর স্কলারির যা পারফরম্যান্স, তাঁর ওপর ব্রাজিলীয় সমর্থকদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। গতকাল ম্যাচের দ্বিতীয়ার্ধে সেটারই প্রতিফলন ঘটল। গ্যালারিতে থাকা দর্শকেরা স্কলারির উদ্দেশে ‘গাধা, গাধা’ বলে চিত্কার করেছে। এ নিয়ে অবশ্য দুঃখ নেই স্কলারির, ‘অবশ্যই দর্শকেরা জয় প্রত্যাশা করেছিল। আরও বেশি গোলের প্রত্যাশা করেছিল তারা। কিন্তু আমাদের বুঝতে হবে, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলা কঠিন।’