ইংল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রও দ্বিতীয় রাউন্ডে
বিশ্বকাপের গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড। আজ তারা নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয়। জোহানেসবার্গে ইংল্যান্ড ১-০ গোলে হারায় স্লোভেনিয়াকে। প্রিটোরিয়ায় শেষ মুহূর্তের গোলে আলজেরিয়াকে হারিয়ে গোলগড়ে ইংল্যান্ডকে টপকে গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে কপাল পুড়েছে স্লোভেনিয়ার। ৪ পয়েন্ট নিয়েও এখন দেশে ফিরে যেতে হচ্ছে তাদের।স্লোভেনিয়ার বিপক্ষে জিততেই হবে—এমন একটি সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড। প্রথম থেকেই জয়ের জন্য স্লোভেনিয়ার ওপর ঝাপিয়ে পড়ে ফ্যাবিও ক্যাপেলোর ছেলেরা। একের পর এক আক্রমণ করে স্লোভেনিয়ার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় গোল আদায় করে নেয় ইংলিশরা। গোলটি করেন জারমেইন ডিফো। এক গোলে এগিয়ে যাওয়ার পর একপ্রকার একতরফা খেলেও স্ট্রাইকারদের চিরাচরিত ব্যর্থতায় গোলের সংখ্যা বাড়াতে পারেনি ইংল্যান্ড। দলের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি আজও ছিলেন ব্যর্থ। কয়েকবার ভালো বল পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন। তবে ইংলিশ আক্রমণের দুই প্রাণভোমরা জেরার্ড ও ল্যাম্পার্ড আজ চমত্কার খেলেছেন।এদিকে, প্রিটোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিজয়ের নায়ক ছিলেন ল্যানডন ডনোভান। খেলার অতিরিক্ত সময়ে ডনোভানের নাটকীয় গোল যুক্তরাষ্ট্রকে এনে দেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আনন্দ।