ইংল্যান্ডের সমস্যা গোলরক্ষক: ক্যাসিয়াস
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট হিসেবে আখ্যায়িত করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের জাভি হার্নান্দেস। এ নিয়ে অবশ্য আপত্তি নেই স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসেরও। তবে ইংল্যান্ড দলের কিছু সমস্যাও চোখে পড়েছে তাঁর। নিজে গোলরক্ষক হওয়ায় ইংল্যান্ডের গোলরক্ষক পজিশনটির দিকে তীক্ষ দৃষ্টি তাঁর। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন, অন্য আর কিছু নয়, ইংল্যান্ডের মূল্য সমস্যা গোলকিপিংয়ে। বর্তমান সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক বলছেন, ‘ইংল্যান্ডের মূল সমস্যা গোলরক্ষক। গোলরক্ষকদের কারণেই বিশ্বকাপে বিপদে পড়ে যেতে পারে ইংল্যান্ড।’যারা ফুটবল খেলাটি উদ্ভাবন করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেই ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। ৪৪ বছর হয়ে গেছে বিশ্বকাপ জেতার স্বাদও ফিকে হয়ে গেছে ইংলিশদের কাছে। এবার দক্ষিণ আফ্রিকায় চার দশকেরও বেশি সময় ধরে অধরা স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় ইংল্যান্ড। সে লক্ষ্যে প্রস্তুতও হচ্ছে তারা। সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা দল নিয়ে প্রতীক্ষায় তারা দেশবাসীকে আনন্দে রঙিন করে তুলবার জন্য। ঠিক সেই সময় ক্যাসিয়াস তুলে ধরলেন তাঁর ভাষায় ইংলিশ দলের প্রধানতম দুর্বলতা।ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল রোববার স্পেনের এই গোলরক্ষক বলছেন, ‘শীর্ষ ক্লাব পর্যায়ের অভিজ্ঞতা নিতে হলে যেকোনো ফুটবলারের ইউরোপীয় লিগে খেলার বিকল্প নেই। বিশ্বকাপের মতো আসরের চ্যালেঞ্জ মোকাবিলা করা ইংল্যান্ডের গোলরক্ষকদের জন্য কঠিন হবে।’ ইংল্যান্ডের বিশ্বকাপ দলে গোলরক্ষক হিসেবে ডেভিড জেমস, রবার্ট গ্রিন ও জো হার্টকে রাখা হয়েছে। তবে এ তিনজনের মধ্যে কারও ইংল্যান্ডের বাইরে সেরা ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে পোর্টসমাউথের জেমস ও ওয়েস্টহ্যামের গ্রিনের পারফরম্যান্সও সুবিধাজনক নয়। এখানেই দুর্বলতা খুঁজে পাচ্ছেন ক্যাসিয়াস। ইতালির জিয়ানলুগি বুফন ও ব্রাজিলের জুলিয়াস সিজারের উদাহরণ টেনে ক্যাসিয়াস বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেই নিজেদের অনেক উচ্চতায় নিয়ে গেছেন এ দুই গোলরক্ষক। বিশ্বকাপ আসরে গোলরক্ষকের দায়িত্ব অনেক বেশি। তাঁর একটি ভুলই দলের বিদায়ের জন্য যথেষ্ট।’