লর্ডসের পর ওভালেও অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড। কাল দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল স্বাগতিকেরা। ২৫২ রানের লক্ষ্যটা ৪৫.৪ ওভারেই টপকে যায় ইংল্যান্ড। ৮৫ বলে সর্বোচ্চ ৮২ রান করেছেন ম্যাচসেরা রবি বোপারা। ইয়ান বেলও করেছেন ৭৫। প্রথম ওয়ানডের ম্যাচসেরা এউইন মরগান কাল করেছেন অপরাজিত ৪৩ রান। টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া করেছিল ৭ উইকেটে ২৫১ রান। শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার সাবধানে শুরু করলেও পঞ্চম ওভারের প্রথম বলেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন ফ্লিন। পরের ওভারে ফিরে যেতে পারতেন ওয়াটসনও। কুঁচকিতে টান পড়ায় কাল খেলতে পারেননি জেমস অ্যান্ডারসন। এই পেসারের জায়গায় সুযোগ পাওয়া ডার্নবাখের বলে গালিতে ওয়াটসনের ক্যাচ ফেলেন জোনাথন ট্রট।ওয়াটসনই অস্ট্রেলিয়ার পক্ষে করেছেন সর্বোচ্চ ৬৬ রান। অবশ্য ৪৭ রানে একবার রানআউটের হাত থেকে বেঁচে যান ওয়াটসন। দুবার অস্ট্রেলিয়ান ওপেনারের পক্ষে যায় রেফারেলও। ৪০ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে আম্পায়ার এলবিডব্লুও দিলেও রেফারেল নিয়ে বেঁচে যান। আরেকবার ইংলিশরা রেফারেল নিয়ে ব্যর্থ। স্টিভেন স্মিথের পরিবর্তে নামা ফরেস্ট ফিরে যান ৩০ বলে ১২ রান করে। ক্লার্কও তাঁকে অনুসরণ করেছেন দ্রুতই। ওয়াটসনের সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন জর্জ বেইলিও (৬৫)। অস্ট্রেলিয়া দলে কাল পরিবর্তন ছিল আরও একটি। পিঠের বাঁ পাশের পেশিতে টান পড়ায় সিরিজই শেষ হয়ে গেছে প্যাট কামিন্সের। তাঁর অনুপস্থিতি প্রায় আট মাস পর ওয়ানডে খেলার সুযোগ করে দেয় মিচেল জনসনকে। কিন্তু বল হাতে সুবিধা করতে পারেননি। ৭ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য। আগামীকাল এজবাস্টনে হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। ওয়েবসাইট।