ওয়ানডে সফরের শেষটা অন্তত জয় দিয়ে টানতে পারল ইংল্যান্ড। আগেই ভারত সিরিজ জিতে যাওয়ায় কাল শেষ ম্যাচটা ছিল স্রেফ নিয়মরক্ষার। আর এতে কি খানিকটা গা এলিয়ে দিয়েছিলেন ধোনিরা? আগের ম্যাচের দলটাকে অপরিবর্তিত রেখে দেওয়া অবশ্য সেই সাক্ষ্য দেয় না। যা-ই হোক, ইংল্যান্ডের সামনে ২২৭ রানের লক্ষ্য বেঁধে দিতে পেরেছিল ভারত। কিন্তু ১৬ বল বাকি থাকতেই ইংল্যান্ড জিতে গেছে ৭ উইকেটে। ওয়ানডে সিরিজের শুরুটা করেছিলেন ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে। ইয়ান বেলের ব্যাটের সঙ্গে হেসেছিল ইংল্যান্ডও। এরপর বেলের ব্যাটে রানখরা, জয়ও সরে যায় দূরে। শেষ ম্যাচে এসে আবার খুঁজে পেলেন নিজেকে। ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে যান বেল (১১৩*)। ১৩টি চারের পাশে একমাত্র ছক্কাটি মেরেছেন ডাউন দ্য উইকেটে গিয়ে অশ্বিনের বলে। ফর্মে ফেরার আভাস দিয়েছেন এউইন মরগানও। তাঁর অপরাজিত ৪০ রানের ইনিংসে কোনো চার নেই, ছক্কা তিনটি! এই ম্যাচ জিতে ১১৯ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ভারতের সমান্তরালে এসেছে ইংল্যান্ড। ভারত শীর্ষে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায়।সকালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। স্টিভেন ফিন ও টিম ব্রেসনান নতুন বলে চেপে ধরেন ভারতকে। ৭৯ রানেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার ৭৮ রানের জুটিতেই ভারত যেতে পারে ২২৬ পর্যন্ত। দুর্দান্ত একটা সিরিজই গেল রায়নার। ৯২.৩৩ গড়ে ২৭৭ রান করে হয়েছেন সিরিজ-সেরাই! কদিন আগেই বলেছিলেন সুযোগ পেলে আরও ওপরে ব্যাট করতে চান। গতকাল ৮৩ রানের আরেকটি সময়োপযোগী ইনিংসটা খেলে দাবিটা আরও জোরালোই করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরভারত: ৪৯.৪ ওভারে ২২৬ (গম্ভীর ২৪, রোহিত ৪, কোহলি ০, যুবরাজ ০, রায়না ৮৩, ধোনি ১৫, জাদেজা ৩৯, অশ্বিন ১৯, ভুবনেশ্বর ৩১, সামি ১, ইশান্ত ০*; ফিন ২/২৭, ব্রেসনান ৪/৪৫, ওকস ১/৪৫, ট্রেডওয়েল ২/২৫, রুট ০/৩৪, প্যাটেল ১/৪৬)। ইংল্যান্ড: ৪৭.২ ওভারে ২২৭/৩ (কুক ২২, বেল ১১৩*, পিটারসেন ৬, রুট ৩১, মরগান ৪০*; ভুবনেশ্বর ০/৪৫, সামি ১/৪৬, ইশান্ত ১/৩৭, অশ্বিন ০/৫০, যুবরাজ ০/১৫, জাদেজা ১/২৬)।ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।সিরিজ: ভারত ৩-২-এ জয়ী। ম্যান দ্য ম্যাচ: ইয়ান বেল।ম্যান অব দ্য সিরিজ: সুরেশ রায়না।