ইংল্যান্ডের সাফল্য কামনা রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারি লিনেকার ইউরোয় নিজ দেশ ইংল্যান্ডের কোনোই সম্ভাবনা দেখছেন না। তিনি দর্শক-সমর্থকদেরও ইংল্যান্ডের প্রতি অতি প্রত্যাশী না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন এবারের ইউরোয় ইংল্যান্ডের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।গত ইউরো চ্যাম্পিয়নশিপে বাছাইপর্ব উতরাতে পারেনি ইংল্যান্ড। বিশ্বকাপেও কোনোমতে দ্বিতীয় রাউন্ডে উঠে, সেখান থেকেই বিদায় নিতে হয়েছে ইংলিশদের। বিশ্বকাপে বিদায়টা ছিল বড় করুণ। জার্মানির কাছে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছিল ইংল্যান্ডকে দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচটিতে। তবে রোনালদোর মতে, ইউরোয় ইংল্যান্ড মাঠে নামবে শক্তিশালী দল নিয়েই। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক খেলোয়াড় বলেন, ইউরোয় চ্যাম্পিয়ন হওয়ার মতো যে কয়েকটি দল আছে, ইংল্যান্ড তাদের অন্যতম। দলটি এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরাও।গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে রোনালদো বলেন, ‘ইংল্যান্ড সব সময়ই ভালো দল এবং আমি সব সময়ই এই দলটির সাফল্য কামনা করি।’রোনালদো বলেন, নতুন কোচের অধীনে ইংল্যান্ড নিজেদের গুছিয়ে নিয়েছে। তাদের ভালো খেলোয়াড় আছে। সুতরাং, ভালো করার সুযোগটা থেকেই যাচ্ছে।গত ইউরোয় জার্মানির কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। এবার সেই জার্মানি রয়েছে পর্তুগালের গ্রুপেই। তবে রোনালদো কোনো ধরনের প্রতিশোধ চিন্তা করছেন না বলেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি কখনোই প্রতিশোধে বিশ্বাস করি না। জার্মানির সঙ্গে খেলাটা সব সময়ই কঠিন। তবে আমার মনে হয়, এবার আমরা ভালো খেলেই এই দলটির বিপক্ষে জিতব।’