ইংল্যান্ডের সামনে প্রত্যয়ী আফগানিস্তান
সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২২৯ তাড়া করেও এসেছে অবিশ্বাস্য এক জয়। আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের বিপক্ষে আজ দিল্লিতে তাই ফুরফুরে মেজাজেই থাকার কথা ইংলিশদের। কিন্তু তা আর পারছে কই? আজকের ম্যাচ নিয়ে যে সমান আত্মবিশ্বাসী আফগানিস্তানও!
আফগানদের এই আত্মবিশ্বাসের কারণও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি দেখিয়েছে, ব্যাটিংয়ে কতটা দুর্দান্ত ইংল্যান্ড। আবার আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা দেখা গেল, আফগানিস্তানও কম যায় না। আজকের ম্যাচ নিয়ে তাই একটু বাড়তি সতর্ক ইংলিশ অধিনায়ক এউইন মরগান, ‘আফগানিস্তান কিন্তু ভয়ংকর দল। ইদানীং দারুণ ক্রিকেট খেলছে ওরা।’
কাগজে-কলমে এখনো সুযোগ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় অনেকটা মেনে নিয়েছে আফগানিস্তান। তবে অধিনায়ক আসগর স্টানিকজাইর আশা, শেষটা হোক সুখস্মৃতি নিয়ে, ‘আমরা ভালো খেলতে চাই। ইংল্যান্ডের ওপর চাপ থাকবে। এই টুর্নামেন্টে আমরা অন্তত একটি ম্যাচ জিততে চাই। জেতার জন্যই খেলব আমরা।’
টি-টোয়েন্টিতে দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছে, ২০১২ বিশ্বকাপে। সেবার অনায়াসে জিতেছিল ইংল্যান্ড। এএফপি