ইংল্যান্ডের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত হলো সেটাই, যা হওয়ার কথা। ট্রেন্টব্রিজ টেস্টটা ইংল্যান্ড তো জিতলই, শেষ হয়ে গেল সিরিজটাও। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ৯ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতে উইজডেন ট্রফিটা ধরে রাখল স্বাগতিকেরা। লক্ষ্য ছিল মাত্র ১০৮ রানের। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অ্যালিস্টার কুককে সঙ্গী করে ২৪ ওভারেই তুলে ফেলেন ৮৯ রান। স্ট্রাউস ২৫তম ওভারের প্রথম বলে মারলন স্যামুয়েলসের বলে ব্রাভোর হাতে ক্যাচ দেওয়ায় ১০ উইকেটে আর জেতা হয়নি ইংল্যান্ডের। ম্যাচটা আসলে শেষ হয়ে গিয়েছিল তৃতীয় দিনেই। ৬১ রানেই ৬ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের কৃতিত্ব শুধু ম্যাচটাকে তৃতীয় সেশনে নিয়ে যাওয়ার। এটাও হয়েছে সেই স্যামুয়েলস-স্যামির জন্য। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সর্বোচ্চ জুটি গড়েছেন এই দুজনই। প্রথম ইনিংসে ২০৪ রানের গড়া জুটির এবারের অবদান ৪৯ রান। সফরকারীরা অলআউট হয়েছে ১৬৫ রানে। টিম ব্রেসনানের বলে এলবিডব্লু হয়ে ইংল্যান্ডকে দিনের প্রথম উইকেট উপহার দেন স্যামি। এটি ছিল ইনিংসে ব্রেসনানের চতুর্থ উইকেট, চারটিই এলবিডব্লু। ওয়েস্ট ইন্ডিজের ছয় ব্যাটসম্যান পড়েছেন এলবিডব্লুর ফাঁদে। যার খেলারই কথা ছিল না, সেই ব্রেসনানই দুই ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার। ব্রেসনানের মতোই ৪ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।১১০ রানের মাথায় স্যামি ফিরে যাওয়ার পর স্যামুয়েলস একাই লড়াই চালিয়েছেন। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে যোগ করেছেন আরও ৫৫ রান। যার ৪০ রানই এই ডানহাতির। ৯ চার ও ২ ছয়ে শেষ পর্যন্ত ৭৬ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্যামুয়েলস। সিরিজে এটা তাঁর টানা তৃতীয় ৫০ ছাড়ানো ইনিংস। ৭ জুন বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। এর আগে জুনের ২ তারিখ থেকে লিস্টারে লিস্টারশায়ারের বিপক্ষে একটি দুই দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।