কঠিন, তবে অসম্ভব নয়। র্যাঙ্কিংয়ের একের সঙ্গে সাতের যতটা, দুই দলের প্রতিভা-সামর্থ্যে ব্যবধান হয়তো আরও বেশি। কিন্তু দিনেশ রামদিনের বিশ্বাস, ইংল্যান্ডকে অবশ্যই হারাতে পারে ওয়েস্ট ইন্ডিজ। শুধু জায়গামতো বল করে যেতে হবে ও উইকেট নিতে হবে, ক্যাচগুলো নিতে হবে ঠিকঠাক। ব্যাটসম্যানদের বড়সড় ইনিংসও খেলতে হবে। এই তো!এমন কোনো মহাকাশ বিজ্ঞান নয়। ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার যা বলেছেন, সব সময় সব দলেরই জয়ের সূত্র এটাই। কিন্তু এটা বলা যত সহজ, ততই কঠিন মেলানো। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি এটা আর কে জানে! রামদিন তাই যতই বলুন, ইংল্যান্ডকে হারাতে পারবেন এটা তাঁর সতীর্থরাও বিশ্বাস করেন বলে মনে হয় না। আজ শুরু ট্রেন্টব্রিজ টেস্টেও তাই পরিষ্কার ফেবারিট ইংল্যান্ড। সিরিজ জিতে এক নম্বর ধরে রাখাটাও তাই অনেকটা নিশ্চিত।লর্ডস টেস্টটা অবশ্য যতটা ভাবা হয়েছিল, তেমন একতরফা হয়নি। শেষ দিন শুরুর সময় ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনাও ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড মোটামুটি সহজেই জিতেছে। তবে ওই লড়াইটুকুই প্রেরণা ড্যারেন স্যামিদের। এটার অবশ্য দুটো দিকই আছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ দলটা মোটামুটি কিছুদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে ইংল্যান্ডেও। কিন্তু আরেক ধাপ এগিয়ে জয়টা ছোঁয়া হচ্ছে না। সর্বশেষ ৩১ ম্যাচে জয় তাই মাত্র দুটি। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ জয় সেই ২০০০ সালে, ১৫ টেস্ট আগে!স্ট্রাউস-কুকরা প্রথম থেকেই বলে আসছেন, ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে দেখছেন না। কিন্তু এই সিরিজটা তাঁদের কাছে আসলে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি। বিশ্বের সেরা দুই টেস্ট দল মুখোমুখি হবে জুলাইতে। আশানুরূপ প্রস্তুতিও হচ্ছে যেন ইংল্যান্ডের। রান-খরায় থাকা দুই ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ও ইয়ান বেল দুই ইনিংসে খেলেছেন গুরুত্বপূর্ণ দুটি ইনিংস। চোট কাটিয়ে স্টুয়ার্ট ব্রড ফিরেছেন দোর্দণ্ড প্রতাপে। একটা পরিবর্তন সম্ভবত হচ্ছে একাদশে। শতভাগ জয়ের রেকর্ড লর্ডসে আরেক ধাপ বাড়ালেও (১২ ম্যাচে ১২ জয়) বল হাতে সুবিধা করতে পারেননি টিম ব্রেসনান। তাঁর জায়গা নেবেন স্টিভেন ফিন বা গ্রাহাম অনিয়নসের কেউ।শ্যানন গ্যাবিয়েলের চোটে ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন নিশ্চিত। তবে বদলি হিসেবে আসা টিনো বেস্ট নন, একাদশে ঢুকবেন রবি রামপল। সবচেয়ে আলোচিত জায়গাটায় অবশ্য পরিবর্তন আসছে না। চারদিকে যতই আওয়াজ উঠুক, আগের মতোই ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকছেন শিবনারায়ণ চন্দরপল। প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে ম্যাচের ভাগ্য নিয়ে সংশয়ও কম থাকবে। ওয়েস্ট ইন্ডিজ লড়াই করে হারবে নাকি একতরফা, প্রশ্ন হয়তো সেটাই! এএফপি, ওয়েবসাইট।