ইংল্যান্ডের স্বপ্ন নিয়ে ফারাহ
এই একটা জায়গায় সবার অনুভূতি যেন মিলে যায়। বাবা হওয়ার অনুভূতি সবার ক্ষেত্রে একই রকম, ‘ভাষায় প্রকাশ করা যাবে না!’ সেই অনুভূতির সঙ্গে পরিচিত হওয়ার ক্ষণ গুনছেন মো ফারাহ। এই তো, মাঝে আর একটা মাস। আসছে সেপ্টেম্বরেই ফারাহ-তানিয়ার ঘর আলো করে আসছে যমজ সন্তান।‘জোড়া’ শব্দটি তাই হূদয়েই গেথে গেছে ফারাহর। তবে শুধু জোড়া সন্তানের বাবা হতে যাচ্ছেন বলেই নয়, বাবা হওয়ার আগেই তাঁকে আরেক দফা আনন্দের উপলক্ষ এনে দিতে পারে ওই শব্দটি। আনন্দে ভাসাতে পারে গোটা ইংল্যান্ডকেই, যদি ফারাহ জিতে যান অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারের জোড়া সোনা! যমজ সন্তান আর জোড়া সোনা—ফারাহর ব্যক্তিগত আর পেশাদার জীবনের স্বপ্ন, ধ্যান-জ্ঞান মিলেমিশে এখন যেন একাকার।অলিম্পিকের ট্র্যাকে স্বাগতিকদের সবচেয়ে বড় ভরসা এই ফারাহ। দূরপাল্লার দৌড়ে বিশ্ব শিরোপাজয়ী প্রথম ব্রিটিশ তো তিনিই! গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৫ হাজার মিটারে। ১০ হাজার মিটারেও ফেবারিট ছিলেন। কিন্তু শেষ ল্যাপে হেরে যান শেষ মুহূর্তে ইথিওপিয়ার ইব্রাহিম জেইলানের কাছে। সেই আক্ষেপ ঘোচানোর মিশন এবার। ব্রিটিশরাও ট্র্যাকের দুটো সোনার জন্য তাকিয়ে তাঁর দিকে।মো ফারাহ নামটা অনেকের কাছেই কৌতূহলোদ্দীপক। তাঁর আসল নাম মোহাম্মদ ফারাহ। বন্ধুরা সংক্ষেপে ডাকতেন মো, পরে সেই নামেই পেয়ে গেছেন পরিচিতি। ব্রিটিশদের আশা-ভরসার এই প্রতীকের জন্ম সোমালিয়ায়। বাবা অবশ্য ইংলিশ, ফারাহর মায়ের সঙ্গে পরিচয়-প্রণয় সোমালিয়ায় ঘুরতে গিয়ে। জন্ম মোগাদিসুতে হলেও ফারাহ বেড়ে উঠেছেন আবার জিবুতিতে। আট বছর বয়সে ইংল্যান্ডে চলে আসেন বাবার কাছে। ইংরেজি ভাষায় অক্ষরজ্ঞান পর্যন্ত ছিল না তখন। দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যানওয়ার্থের অরিয়েল জুনিয়র স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার সময় কাজ চালানোর মতো কিছু ইংরেজি শেখান বাবা। সেগুলো গুবলেট পাকিয়ে কত হেনস্থা হতে হয়েছে! স্কুলে ফুটবলটাই বেশি খেলতেন। স্বপ্ন দেখতেন, প্রিয় ক্লাব আর্সেনালের রাইট উইংয়ে খেলার। ঘরে আবার ছিল মোহাম্মদ আলীর পোস্টার, হতে চাইতেন আলীর মতো। স্কুলের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়াতেন শখে। এক দিন এই শখের দৌড়েই তাঁর মধ্যে ভবিষ্যতের সফল অ্যাথলেটের ছবি দেখতে পান স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক অ্যালান ওয়াটনিকসন। ওয়াটনিকসন একরকম জোর করেই ফারাহকে তাঁর রানিং ক্লাবে নিয়ে আসেন। ফুটবলের ভূত নামিয়ে ওয়াটনিকসন ফারাহর মধ্যে বুনে দেন অ্যাথলেট হওয়ার স্বপ্ন। এরপর সিঁড়ি বেয়ে শুধু ওপরে ওঠা। ২০০৬ ইউরোপিয়ান ক্রস কান্ট্রির সোনা জিতে প্রথম আলোয় আসেন। ২০০৯ সালে সোনা জেতেন ইউরোপিয়ান ইনডোর অ্যাথলেটিকসের তিন হাজার মিটারে। ২০১০ সালে বার্সেলোনা ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হইচই ফেলে দেন ৫ হাজার ও ১০ হাজার মিটারে জোড়া সোনা জিতে। আর গত বছর দেগুতে তো গড়ে ফেললেন ইতিহাসই।ইংল্যান্ডের ফারাহ হয়ে বিশ্বজয় করলেও শিকড়কে তিনি ভোলেননি। স্ত্রী তানিয়ার সঙ্গে মিলে গড়ে তুলেছেন মো ফারাহ ফাউন্ডেশন। সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলে অন্তত ৫০টি পানির কূপ খনন, প্রতি মাসে অন্তত ২০ হাজার লোকের আহার ও বছরে অন্তত ৪০ হাজার লোকের চিকিৎসা দেওয়ার লক্ষ্য এই ফাউন্ডেশনের। কিছুদিন আগে একটি টিভি গেম শো জিতে যে আড়াই লাখ পাউন্ড পেয়েছেন, সেটাও এই ফাউন্ডেশনের তহবিলে দিয়েছেন ফারাহ।৫ হাজার মিটারের সাবেক বিশ্ব রেকর্ডধারী ডেভ মুরক্রফট গত বছর ফারাহকে বলেছিলেন ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা দূরপাল্লার পুরুষ দৌড়বিদ’। পূর্বসূরির প্রশংসাকে সংশয়ের ঊর্ধ্বে তোলার সময় এটাই, অলিম্পিকে জোড়া সোনা জিতে! এএফপি।