ইংল্যান্ডের স্বস্তি বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর আগে ম্যাচের কেন্দ্রীয় চরিত্র এমন দুজন, যাঁরা ম্যাচে ছিলেনই না! কেভিন পিটারসেন ও ক্রিস গেইল। একজন দেশের রঙিন পোশাককেই ত্যাগ করেছেন। আরেকজন বহু নাটকের পর দলে ফিরে শেষ মুহূর্তে চোট নিয়ে ছিটকে গেছেন আরেক দফা নাটকীয়তায়। ম্যাচ শুরু হতেই না-থাকাদের নিয়ে আলোচনা থামিয়ে দিলেন অনেক দিন পর দলে ফেরা একজন। সাহস আর পারফরম্যান্স দিয়ে পরশু রোজ বোলের সত্যিকারের নায়ক হয়ে গেলেন ইয়ান বেল।আগের দিন অনুশীলনে চোট পেয়ে থুতনিতে সেলাই পড়েছিল ১০টি। চিড় ধরার শঙ্কাও ছিল। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নেমে সেই বেলই উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পিটারসেন-পরবর্তী ইংল্যান্ড নিয়ে হাহাকারটাও থামিয়ে দিলেন প্রথম ম্যাচেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ড জিতেছে ১১৪ রানে। সেঞ্চুরির উচ্ছ্বাস আছে। তবে ম্যাচসেরা বেল আগে সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানালেন মাঠে নামতে পেরেই, ‘হাড়ের অনেকটা গভীরেও চোট লেগেছে। চোটটা অদ্ভুতুড়ে, কারণ যেখানে লেগেছে, তার চেয়ে বেশি ব্যথা লেগেছে কানে। সাপোর্ট স্টাফের সবাই আমাকে মাঠে নামার মতো অবস্থায় আনতে যেভাবে কাজ করেছে, আমি খুবই ভাগ্যবান।’টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ওয়ানডেতে ক্যারিয়ারজুড়ে আসা-যাওয়ার মধ্যেই থাকতে হয়েছে বেলকে। তবে জায়গাটা পাকা করতে চান নতুন অধ্যায়ে। বেলের সেঞ্চুরি আর ট্রট (৪২), কিসওয়েটার (৩৮) ও ব্রডের (২২*) কার্যকর ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ২৮৮। বৃষ্টিতে ৪৮ ওভারে ২৮৭ রানে নেমে আসা লক্ষ্যের দিকে ছুটে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৭২ রানে। ৩৪ রানে ৪ উইকেট পেয়েছেন টিম ব্রেসনান, ২টি করে অ্যান্ডারসন ও সোয়ান। ওয়েবসাইট।