ইংল্যান্ডেরও হতে পারতেন হ্যারিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান হ্যারিস
রায়ান হ্যারিস

জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে। খেলছেন দেশের হয়েই। তবে অস্ট্রেলীয় ফাস্ট বোলার রায়ান হ্যারিসকে দেখা যেতে পারত চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জার্সি গায়েও। হ্যারিস নিজেই জানিয়েছেন কথাটা। গতকাল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনটি উইকেট তুলে নেন তিনি। দিনশেষে জানালেন, তিনি হতে পারতেন ইংল্যান্ডেরও। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যারিসের অভিষেক ২০০৯ সালে, ২৯ বছর বয়সে। অভিষেকটা অবশ্য আরও আগে হতে পারত। তাঁর বাবা জন্মসূত্রে ব্রিটিশ। হ্যারিস জানান, ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে একবার তাঁকে জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়েছিলেন মাইক গ্যাটিং। একই সঙ্গে অস্ট্রেলীয় ক্লাব কুইন্সল্যান্ডের পক্ষ থেকেও একটি প্রস্তাব আসে। তিনি বেছে নিয়েছিলেন কুইন্সল্যান্ডের প্রস্তাবটাই। সেদিন গ্যাটিংয়ের প্রস্তাব ফিরিয়ে না দিলে অ্যাশেজে হয়তো তাঁর প্রতিপক্ষ হতো জন্মভূমি অস্ট্রেলিয়া! আন্তর্জাতিক ক্রিকেট খেলার এমন মোক্ষম সুযোগ পেয়েও কেন সেদিন তা পায়ে ঠেলেছিলেন হ্যারিস? ৩৩ বছর বয়সী ফাস্ট বোলার জানালেন, তাঁর বিশ্বাস ছিল, একদিন না একদিন অস্ট্রেলিয়া দলে ডাক পাবেনই। অভিষেকের এক বছরের মধ্যেই অস্ট্রেলিয়ার আশা-ভরসার প্রতীক হয়ে ওঠেন হ্যারিস। তবে কাল হয়ে দাঁড়ায় হাঁটুর ইনজুরি। চোটের কারণে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার ৩৭ টেস্টের মাত্র ১৩টি খেলতে পেরেছেন। তবে যখনই ফিরেছেন, দুর্দান্ত বোলিং করেছেন সব সময়। এবার দলে ফিরেছেন ১৫ মাস পর। আর ফিরেই অস্ট্রেলিয়াকে দারুণ এক শুরু এনে দিয়েছিলেন একই ওভারে দুই ইংলিশ ব্যাটসম্যানকে বধ করে।