ইউএস ওপেন সেরেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন ও অলিম্পিকের সোনা জয়ের পর এ বছরের ইউএস ওপেনেও শিরোপা জয়ের স্বাদ পেলেন সেরেনা উইলিয়ামস। গতকাল নাটকীয়তায় পূর্ণ ফাইনালে এক নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-২, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চতুর্থবারের মতো ইউএস ওপেনের শিরোপা হাতে তুলেছেন এই আমেরিকান টেনিস তারকা। গত চার দশকে ইউএস ওপেনে মাঠে নামা খেলোয়াড়দের মধ্যে সেরেনাই সবচেয়ে বেশি বয়সে শিরোপা জিতলেন।ফাইনালের প্রথম সেটে ৬-২ গেমের জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করেছিলেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটে চমত্কারভাবে ঘুরে দাঁড়ান আজারেঙ্কা। এই সেটটা তিনি জিতে নেন একই ব্যবধানে। ফলাফল নির্ধারণী তৃতীয় সেটেও আজারেঙ্কা এগিয়ে গিয়েছিলেন ৩-৫ গেমে। কিন্তু তারপর নাটকীয়ভাবে খেলায় ফেরেন সেরেনা। প্রতিপক্ষকে আর কোনো সুযোগ না দিয়ে একের পর এক জিতে নেন চারটি গেম। নিশ্চিত করেন ক্যারিয়ারের ১৫তম গ্রান্ডস্ল্যাম শিরোপাটি।১৯৯৯ সালে প্রথমবার এই ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। দীর্ঘ ১৩ বছর পর গতকাল যেরকম লড়াকু পারফরমেন্স দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন, তাতে তাঁকে ইতিমধ্যেই টেনিসের কিংবদন্তির তালিকায় জায়গা দিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সেরেনা অবশ্য এখনো নিজেকে সেরা বলে দাবি করতে নারাজ। গতকাল দুর্দান্ত এই জয়ের পর তিনি বলেছেন, ‘আমি নিজেকে সেরা বলে বিবেচনা করতে চাই না। আমি শুধুই একজন টেনিস খেলোয়াড়, যে সব সময় নিজের সেরাটা খেলার চেষ্টা করে।’অন্যদিকে এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্রান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। গতকালও চলে গিয়েছিলেন দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম জয়ের বেশ কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়েই কোর্ট ছাড়তে হয় মেয়েদের টেনিসের শীর্ষ এই তারকাকে। কোনো আফসোস না থাকলেও ফলাফলটা যে খুব পীড়াদায়ক, সেটাও স্বীকার করে নিয়েছেন আজারেঙ্কা। বলেছেন, ‘আমার কোনো আক্ষেপ নেই। মনে হয়েছিল আমি আমার সর্বোচ্চটাই দিয়েছি। কিন্তু সবকিছু হয়তো আমার অনুকূলে ছিল না। আর এটা সত্যিই খুব পীড়াদায়ক।’ রয়টার্স