ইউএস ওপেনে থাকছেন সেরেনা
বিশেষ সুবিধা নিয়ে ইউএস ওপেন টেনিসে সুযোগ পেলেন সেরেনা উইলিয়ামস। গত বছর উইম্বলডন জয়ের পর চোট ও গুরুতর শারীরিক অসুস্থতায় অনেক দিন খেলার মধ্যে ছিলেন না উইলিয়ামস বোনদের ছোটজন। এরপর খেলায় ফিরে উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেন ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী। ধস নামে র্যাঙ্কিংয়ে, একবারে ২৫ থেকে ১৫০ ধাপ পিছিয়ে দাঁড়ান ১৭৫-এ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে অবশ্য তিন ধাপ এগিয়েছেন।র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০৫ খেলোয়াড় সরাসরি সুযোগ পান ইউএস ওপেনে। তাই বিশ্বের সাবেক এক নম্বর মহিলা তারকাকে নিতে হয়েছে বিশেষ সুবিধা। যারা ছয় মাস বা এর বেশি চোটের কারণে টেনিসের বাইরে থাকেন তাঁদের জন্য রয়েছে বিশেষ র্যাঙ্কিং-ব্যবস্থা। এতে একজন খেলোয়াড় একটি গ্র্যান্ড স্লামসহ মোট আটটি প্রতিযোগিতায় বিশেষভাবে অংশ নেওয়ার সুযোগ পান।আগামী ২৯ আগস্ট নিউইয়র্কে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ক্যালিফোর্নিয়া, টরন্টো ও সিনসিনাটিতে ডব্লুটিএ ট্যুরে খেলবেন ২৯ বছর বয়সী সেরেনা। এখন ওয়ার্ল্ড টিম টেনিসে খেলার জন্য তিনি নিউইয়র্কে। পরশু সেখানেই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার হারানোর কিছু নেই। আমার ধারণা, এই পরিস্থিতিতেই মানুষ সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে।’এখন সুস্থ থাকাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেরেনা, ‘গত বছরের ওপেনে খেলতে না পারাটা সত্যিই ভীষণ কষ্টের ছিল। আমার লক্ষ্য সুস্থ থাকাটা নিশ্চিত করা। এ রকম দীর্ঘ সময় কখনই টেনিসের বাইরে ছিলাম না, তাই এটা একটা চ্যালেঞ্জ।’ এএফপি।