ইউএস ওপেনে নেই শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

ইউএস ওপেন এখনো শুরু হতে বাকি আরও তিন দিন। কিন্তু শুরু হওয়ার আগেই কিছুটা রং হারিয়ে ফেলল বছরের শেষ গ্র্যান্ড স্লাম। চোটের কারণে যে ছিটকে পড়েছেন মারিয়া শারাপোভা।
গত কয়েক দিন অন্য কারণে আলোচনায় ছিলেন শারাপোভা। এক ম্যাচ পরই কোচ জিমি কনর্সের সঙ্গে গাঁটছড়া চুকিয়ে ফেলা নিয়ে টেনিস-বিশ্বে তুমুল আলোচনা। এরপর আলোচনায় এলেন ইউএস ওপেনের দুই সপ্তাহের জন্য ক্যান্ডি ‘সুগারপোভা’র নামে নিজের নাম বদলে ফেলতে চেয়ে। পরে অবশ্য সেই ইচ্ছা থেকে সরে এসেছেন। এবার সরে যেতে হলো বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকেও।
শারাপোভা সেই ঘোষণা দিয়েছেন ফেসবুকে, ‘উইম্বলডনের পর নিজেকে তৈরি করতে আমি সাধ্যের সবকিছুই করেছি। কিন্তু সময়টা যথেষ্ট ছিল না। আমি বেশ কিছু পরীক্ষা করিয়েছি, অনেক মতামত নিয়েছি। সবাই বলেছে, কাঁধের চোটটা সারতে আমার আরও সময় দরকার। নিজের অন্যতম প্রিয় একটা ইভেন্টের আগে সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য সহজ ছিল না। কিন্তু আমি জানি, এটিই সঠিক সিদ্ধান্ত যা আমাকে দ্রুত কোর্টে ফিরতে সাহায্য করবে। উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আমি কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকছি।’
প্রিয় বলেছেন বটে, তবে ইউএস ওপেনে শারাপোভা সাম্প্রতিক রেকর্ড অবশ্য মোটেই ভালো নয়। ২০০৬ সালে শিরোপা জিতেছিলেন, কিন্তু এরপর সেরা সাফল্য গতবার সেমিফাইনালে খেলা। চোট অবশ্য কিছুদিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর প্রথম কোর্টে নেমেছিলেন গত সপ্তাহে সিনসিনাটি ওপেনে। সেখানে দ্বিতীয় রাউন্ডেই হেরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানি স্টিফেনসের কাছে। রয়টার্স।