ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল, মারে
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পা রেখেছেন এবারের অন্যতম প্রধান দুই শিরোপা-প্রত্যাশী রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডের খেলায় ডেভিড নালবান্দিয়ানের বিপক্ষে জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে গতবারের শিরোপাজয়ী রাফায়েল নাদালকে। প্রথম সেটেই ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচটা তিনি জিতেছেন ৭-৬ (৭/৫), ৬-১, ৭-৫ গেমে। অন্যদিকে তুলনামূলক সহজ জয় পেয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের চার নম্বর তারকা অ্যান্ডি মারে। স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। গতকালের ম্যাচে প্রথম দিকে নিজের ছায়া হয়েই ছিলেন রাফায়েল নাদাল। প্রথম সেটে পিছিয়েও পড়েছিলেন ৩-৫ গেমে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছাড়তে পেরে সন্তুষ্টিই প্রকাশ করেছেন এই স্প্যানিশ তারকা। প্রতিপক্ষ ডেভিড নালবান্দিয়ানের প্রশংসাও করেছেন তিনি। সেই সঙ্গে এই ম্যাচটাকেই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ম্যাচ হিসেবেও আখ্যায়িত করেছেন নাদাল। বলেছেন, ‘খুবই কঠিন একটা দিন ছিল আমার জন্য। ডেভিড একজন অসাধারণ খেলোয়াড়। সে আমার খুব কাছের বন্ধুও বটে। তবে বেশ কিছুদিন ধরে সে ইনজুরি নিয়ে খুব সমস্যায় আছে। প্রথম সেটে আমার ফিরে আসতে পারাটাই ম্যাচটা জেতার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমি শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরে খুবই খুশি। এটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ম্যাচ।’ ওয়েবসাইট।