ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া
ইউএস ওপেনে শুভ সূচনা করেছেন সানিয়া মির্জা। গতকাল সোমবার নিউইয়র্কের অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় পর্তুগালের মিশেল লার্চার ডি ব্রিতোকে ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন ভারতের এই টেনিস সেনসেশন।বছরের শুরুটা কেটেছে ইনজুরির সঙ্গে লড়াই করে। সুস্থ হওয়ার পর সানিয়ার সময় কেটেছে নিজের বিয়ে উদযাপন করতে গিয়ে। মাঝে শোয়েব মালিকের সঙ্গে বিয়ের ঝামেলা তো ছিলই। দীর্ঘদিন পর গতকালই প্রথম নেমেছিলেন বড় কোনো প্রতিযোগিতায়। তবে সমস্যা হয়নি বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫৯তম স্থানে থাকা ভারতের এই তারকার। বলা চলে, প্রতিপক্ষকে দুটি সেটে উড়িয়ে দিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সানিয়া।জয়ের পর ২৩ বছর বয়সী সানিয়া বলেন, ‘মনে হচ্ছিল ইনজুরিটা আমার ক্যারিয়ারই শেষ করে দেবে। ইনজুরি কাটিয়ে টানা চারটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়ে গেছে আমার। বুঝতে পারছি, আমি এখনও কোর্টে লড়াই করার সামর্থ্য রাখি।’ এরপর সানিয়া যোগ করেন, ‘খেলাটা এখন দারুণ উপভোগ করছি। নিউইয়র্কের হার্ডকোর্টে খেলতে বরাবরই পছন্দ করি আমি।’ টাইমস অব ইন্ডিয়া।