ইউএস ওপেনের নতুন রানি কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ নিজ সেমিফাইনাল জয়ের পর ম্যাডিসন কিস ও স্লোন স্টিভেনস। ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে আজ মুখোমুখি তাঁরা l এএফপি
নিজ নিজ সেমিফাইনাল জয়ের পর ম্যাডিসন কিস ও স্লোন স্টিভেনস। ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে আজ মুখোমুখি তাঁরা l এএফপি

মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্লোন স্টিভেনস-ম্যাডিসন কিস। পরস্পরের ভালো বন্ধু তাঁরা। ফেডকাপে যুক্তরাষ্ট্র দলে সতীর্থ। কিন্তু আজ অন্তত কোর্টে বন্ধুতা ভুলে স্লোন স্টিভেনস ও ম্যাডিসন কিস পরস্পরের শত্রু হয়ে যাবেন!

আজ যিনি জিতবেন, মাথায় তুলবেন ফ্ল্যাশিং মিডোর নতুন রানির মুকুট, পাবেন ৩৭ লাখ মার্কিন ডলার প্রাইজমানি। ক্যারিয়ারে যোগ হবে প্রথম গ্র্যান্ড স্লাম। র‍্যাঙ্কিংয়ে ঘটাবেন উল্লম্ফন। এতসব প্রাপ্তির হাতছানির সামনে ‘বন্ধুতা’ ছাপিয়ে কোর্টে প্রতিদ্বন্দ্বিতাই বড় হয়ে ওঠার কথা! ইউএস ওপেনের মেয়েদের মহিলা এককের ফাইনালটি দুজনেরই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। এত কাছে এসে ট্রফিটা কেউ হাতছাড়া করতে চায়?

ফাইনালের পথে পরশু স্টিভেনস শেষ চারে ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন ৬-১, ০-৬, ৭-৫ গেমে। আর কিস ৬-১, ৬-২ গেমে জিতেছেন আমেরিকারই কোকো ভ্যান্ডেওয়ের বিপক্ষে। প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠাটাই দুজনের কাছে যেন স্বপ্নপূরণ। ‘গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আর এটা আরও বিশেষ কিছু এই কারণে যে, এটা করতে পেরেছি ঘরের মাঠে’—ভেনাসের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া স্টিভেনসের। আর ম্যাডিসন কিসের ঘোরই যেন এখনো কাটেনি, ‘আমার কাছে এখনো এটা বাস্তব মনে হচ্ছে না। আমি এখনো কাঁপছি।’

আসলে ‘কাঁপছে’ যুক্তরাষ্ট্রের টেনিস! বিশ্ব টেনিসে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল যাঁদের, সেই যুক্তরাষ্ট্রে পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি, অ্যান্ডি রডিকদের যোগ্য উত্তরসূরি উঠে আসেনি। মেয়েদের বিভাগে সেরেনা-ভেনাস থাকলেও এই দুজনের পরের ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তায় ছিল দেশটির টেনিস। এখন সেটি কমতে পারে স্টিভেনস-কিসের দিকে তাকিয়ে। ২০০২ সালে ভেনাস-সেরেনার পর এই প্রথম ইউএস ওপেনের মেয়েদের বিভাগে ফাইনাল খেলছেন দুই আমেরিকান। শেষ চারে চার আমেরিকানের খেলাটাও ১৯৮১ সালের পর এবারই প্রথম।

র‍্যাঙ্কিংয়ের ৮৩তম অবস্থানে থাকা স্টিভেনস জিতলে ২০০৯-এর পর কিম ক্লাইস্টার্সের পর হবেন সর্বনিম্ন র‍্যাঙ্কধারী ইউএস ওপেনের চ্যাম্পিয়ন।আসলে র‍্যাঙ্কিংয়ে তাঁর এতটা পেছনে থাকার কারণ চোট। চোটের কারণে প্রায় এক বছরের বিরতির পর গত উইম্বলডন দিয়েই টেনিসে ফিরেছেন স্টিভেনস। চোটে ছিলেন কিসও। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর বাঁ হাতের কবজিতে ১০ মাসের মধ্যে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। দুজনেই চোট কাটিয়ে যে ফিরেছেন সেরা ছন্দে, সেটির প্রমাণ দিয়েই তো প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এলেন। ২০১৫ ও ২০১৬ সালে নতুন রানি হিসেবে ইউএস ওপেন পেয়েছে ইতালির ফ্লাভিও পেনেত্তা ও জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। এবারও নতুন চ্যাম্পিয়ন পাবে ফ্ল্যাশিং মিডো। ২০১৫ সালের পর এবারও চার গ্র্যান্ড স্লামে ভিন্ন চার চ্যাম্পিয়ন দেখবে টেনিস-বিশ্ব। এএফপি।