ইউএস ওপেনের বাইরে সেরেনা!
অনন্য এক রেকর্ড গড়লেন সেরেনা উইলিয়ামস। তবে এ রেকর্ড আনন্দের নয়, শুধুই বেদনার। গত ৩৫ বছরে মেয়েদের টেনিসে শীর্ষে থাকা সবাই ইউএস ওপেনে অংশ নিয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে এ প্রতিযোগিতা মিস করতে যাচ্ছেন বর্তমান নম্বর ওয়ান সেরেনা উইলিয়ামস! চোটের কারণে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।গত মাসে মিউনিখে এক রেস্টুরেন্টে ভাঙা কাচ দিয়ে ডান পা কেটে গিয়েছিল সেরেনার। কাটা পায়ে অস্ত্রোপচার করা হয় গত ১৫ জুলাই। এক মাসের বেশি সময় কেটে গেলেও সেই ক্ষত এখনো সেরে ওঠেনি, খুব দ্রুত সেরে ওঠার সম্ভাবনাও নেই। ইউএস ওপেনে খেলার স্বপন বুকে চেপে মাঝে তিনটি প্রতিযোগিতা মিস করেছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় এ প্রতিযোগিতায়ও খেলা হচ্ছে না তাঁর। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সেরেনা বলেন, ‘অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইউএস ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি আমি।’ইউএস ওপেনের মাধ্যমেই প্রথম গ্রান্ডস্ল্যামের দেখা পেয়েছিলেন সেরেনা, ১৯৯৯ সালে। এ প্রতিযোগিতার প্রতি তাই একটু আবেগও তাঁর মাঝে কাজ করে। এ পর্যন্ত ১৩টি গ্রান্ডস্ল্যাম জয় করেছেন, এর মধ্যে ইউএস ওপেন থেকে রয়েছে তিনটি। সর্বশেষ জিতেছেন ২০০৮ সালে। গতবার খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত। এবার স্বপ্ন ছিল, না পাওয়ার বেদনা পূরণের। কিন্তু সে স্বপ্ন পূরণের চেষ্টা করার সুযোগটাও পেলেন না সেরেনা উইলিয়ামস!—ইয়াহু স্পোর্টস