ইউএস ওপেনের শিরোপা রাফায়েল নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা জয় করে নিলেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে নাদাল ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। চক্র পূরণ করলেন সব কটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের। গতকাল ইউএস ওপেনের ফাইনালে সব কটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের চক্র পূরণের পথে নাদালের সামনে বাধা হয়ে ছিলেন নোভাক জকোভিচ। নিউইয়র্কে অনুষ্ঠিত গতকালকের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে নাদাল জকোভিচকে ৬-৪, ৫-৭, ৬-৪, ও ৬-২ সেটে হারিয়ে জিতে নেন ব্যক্তিগত নবম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।টেনিসে উইম্বলডন, ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান, ও ইউএস ওপেনের শিরোপাগুলোকে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা হিসেবে ধরা হয়। আর এই শিরোপাগুলোর সব কটি জয়ের রেকর্ড রয়েছে ইতিহাসে মাত্র সাতজন খেলোয়াড়ের। এ বছরের ইউএস ওপেন প্রথমবারের মতো ঘরে তুলে রাফায়েল নাদাল তৈরি করলেন নতুন ইতিহাস। সব কটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের অন্যতম গর্বিত খেলোয়াড় হিসেবে ইতিহাসকে হাতের মুঠোয় নিয়ে এলেন এই স্প্যানিস তারকা।কেবল তা-ই নয়, রাফায়েল নাদাল একই বছরে উইম্বলডন ও ইউএস ওপেন জয় করার অনন্য কৃতিত্বেরও অধিকারী হলেন। এর আগে ১৯৬৯ সালে রড ল্যাভার একই বছর উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জয় করেছিলেন। টেনিস ইতিহাসে রাফায়েল নাদাল ছাড়াও রজার ফেদেরার, আন্দ্রে আগাসি, রয় এমারসন, রড ল্যাভার, ডন বাজ ও ফ্রেড পেরির বিশ্ব টেনিসের মর্যাদাপূর্ণ সব কটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন।আরাধ্য ইউএস ওপেনের শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী এই টেনিস তারকা। ইউএস ওপেনের শিরোপা জিতে সব কটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা স্পর্শ করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নাদাল বলেন, ‘সত্যিই অবিশ্বাস্য। আমি কখনো এত কিছু পাওয়ার স্বপ্ন দেখিনি।’ তিনি আরও বলেন, ‘ইউএস ওপেনের ফাইনালে ওঠা, ফাইনাল জেতা ও শিরোপা হাতে নেওয়া সবই অবিশ্বাস্য।’—বিবিসি অনলাইন