ইউক্রেনকে ভয় নেই রিবেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের সঙ্গে প্লে-অফের প্রস্তুতি নিতে ফ্রান্স অনুশীলন ক্যাম্প করেছে প্যারিসে। জার্মানি থেকে উড়ে গিয়ে পরশু দলের সঙ্গে যোগ দিলেন ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিও  এএফপি
ইউক্রেনের সঙ্গে প্লে-অফের প্রস্তুতি নিতে ফ্রান্স অনুশীলন ক্যাম্প করেছে প্যারিসে। জার্মানি থেকে উড়ে গিয়ে পরশু দলের সঙ্গে যোগ দিলেন ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিও এএফপি

তিনি নিজে আছেন দারুণ ফর্মে। বুন্দেসলিগায় উড়ছে তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ। কিন্তু ফ্রাঙ্ক রিবেরির জাতীয় দল ফ্রান্সের বিশ্বকাপ ভাগ্য এখনো দুলছে সুতোয়। আগামী বছর ব্রাজিলে থাকতে না পারার ভয় কি পেয়ে বসেছে ফরাসি উইঙ্গারকে?
মোটেও না। উল্টো রিবেরির হুংকার প্রতিপক্ষের দিকে, প্লে-অফ পেরিয়েই বিশ্বকাপে খেলবে তাঁর দল।
বাছাইপর্বটা খুব বেশি বাজে কাটেনি ফ্রান্সের। কিন্তু কপাল মন্দ। একই গ্রুপে যে ছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও! দ্বিতীয় স্থান পাওয়া ফ্রান্সকে তাই খেলতে হচ্ছে প্লে-অফে। প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপ থেকে আসা ইউক্রেন, দারুণ খেলেও যারা ইংল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকার কারণে সরাসরি জায়গা করে নিতে পারেনি ব্রাজিল বিশ্বকাপে। তবে প্রতিপক্ষ যত কঠিনই হোক তাদের নিয়ে বাড়তি কোনো দুশ্চিন্তা করতে রাজি নন রিবেরি, ‘অন্য ম্যাচের চেয়ে এই প্লে-অফ আলাদা কিছু নয়। আমরা প্রতিপক্ষকে ভয় পাচ্ছি না, ম্যাচটা স্বাভাবিকভাবেই নিয়েছি।’
ফ্রান্সের সর্বশেষ ১৩টি গোলের ৪টি করেছেন তিনি, করিয়েছেন আরও চারটি। জাতীয় দলের জার্সি গায়ে ৭৮ ম্যাচ খেলা রিবেরি এই মুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও। সবকিছু মিলিয়ে যে তাঁর ওপর একটা বাড়তি দায়িত্ব আছে, সেটা স্বীকার করছেন বায়ার্ন তারকাও, ‘যখন আপনার বয়স ৩০ হয়ে যাবে, আপনি দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন হয়ে যাবেন, তখন আসলে আপনি জানবেন কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। আমিও জানি। আমি চেষ্টা করব সেরাটা দিতে।’
গত মৌসুমে বায়ার্নকে ট্রেবল জেতানো এই ফরাসি উইঙ্গার কিছুদিন আগে জিতেছেন ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি এবার ফিফা ব্যালন ডি’অরেরও অন্যতম দাবিদার তিনি। পুরস্কারটা পেলে সেটা পুরো ফ্রান্স দলের জন্যও বিশাল অনুপ্রেরণা হয়ে আসবে বলে মনে করেন রিবেরি, ‘এটা আমার স্বপ্ন। আমি মনে মনে নিজেকে বলি, আর মাত্র দুটি ম্যাচ, তারপর যখন ফ্রান্স বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে তখন এটা দারুণ এক ব্যাপার হবে।’ রয়টার্স।