ইউক্রেনে ফিরবেন না বিদেশি ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি ফুটবলাররা খেলতে চান না ইউক্রেনে ছবি: ফাইল ছবি
বিদেশি ফুটবলাররা খেলতে চান না ইউক্রেনে ছবি: ফাইল ছবি

বেশ অনেক দিন ধরেই সংঘাতময় পরিস্থিতি ইউক্রেনে। ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আকাশে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তা যেন এক আতঙ্কের জনপদ। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তাই যেখানে বিঘ্নিত, সেখানে জীবনের প্রয়োজনে ফুটবল খেলাটাকেও বিপজ্জনক মনে করছেন বিশ্ব ফুটবলের অনেক তারকা। ইউক্রেনের শীর্ষ দুই ক্লাব শাখতার দনেত্স্ক এবং মেটালিস্ট খারকিভের সঙ্গে চুক্তিবদ্ধ কমপক্ষে সাতজন ভিনদেশি ফুটবলার জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনোভাবেই আর সে দেশে ফিরছেন না।


সংবাদ সংস্থা ইতার-তাসের এক খবরে বলা হয়েছে, ফ্রান্সের লিওঁতে একটি প্রীতিম্যাচ খেলতে যাওয়া শাখতার দনেেস্কর ছয় ফুটবলার আবার ইউক্রেনে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ছয় ফুটবলারের মধ্যে ব্রাজিলীয় চার ও আর্জেন্টাইন এক ফুটবলারের নাম প্রকাশ করেছে ইতার-তাস। এঁরা হলেন ব্রাজিলের অ্যালেক্স টিসেইরা, ফ্রেড, ডগলাস কস্তা, দেনতিনহো এবং আর্জেন্টিনার ফ্যাকানদো ফেরেরা। গত শনিবার ওই প্রীতিম্যাচে ফরাসি ক্লাব লিওঁর কাছে ৪-১ গোলে পরাজিত হয় দনেত্স্ক। এর পরপরই এই খেলোয়াড়েরা ইউক্রেনে ফেরার বিমানে উঠতে অস্বীকৃতি জানান।
এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি খোদ শাখতার দনেত্স্ক।


এদিকে ইউক্রেনের অপর ক্লাব মেটালিস্ট খারকিভের আর্জেন্টাইন ফুটবলার সেবাস্তিয়ান ব্ল্যাঙ্কো দলের সঙ্গে এক অনুশীলন ক্যাম্পে অস্ট্রিয়া গিয়ে সেখান থেকে ইউক্রেন ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন, ‘এই মুহূর্তে ইউক্রেনে ফেরার কোনো ইচ্ছাই আমার নেই। ইউক্রেনের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। আমি বুয়েনেস এইরেসে ফিরে যেতে চাই।’


এদিকে, এই পরিস্থিতিতে ২৫ জুলাই ফুটবল লিগ শুরু হওয়ার কথা ইউক্রেনে। এ ব্যাপারে ইউক্রেনিয়ান ফুটবল ফেডারেশনের মুখপাত্র পাভেল তেরনোভই বলেছেন, ‘মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে গোটা দেশ শোকাহত। কিন্তু তাই বলে ফুটবল লিগ পেছানোর কোনো কারণ থাকতে পারে না। আমরা ফুটবলকে সব সময়ই রাজনীতির বাইরে রাখতে চাই।’ এএফপি।