ইউডিআরএস ভারতেও, তবে...
আম্পায়ার ডিসিশন রিভিউ পদ্ধতির (ইউডিআরএস) প্রতি বরাবরই নিরাসক্ত ভারত। তারা চায়নি বলেই শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ইউডিআরএস ব্যবহার করা যায়নি। এই প্রযুক্তি এখন এসে গেছে ভারতেও। কিন্তু প্রশ্ন হলো, এটার ব্যবহার করা হবে কি না, নিশ্চিত নয় সেটাই। অক্টোবরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। নিও স্পোর্টস জানিয়েছে, ইউডিআরএসের জন্য মূল যে যন্ত্রগুলো দরকার, সেই ‘বল ট্র্যাকিং’ প্রযুক্তি, ‘সুপার স্লো-মো’ ও স্পষ্ট স্টাম্প মাইক তারা এনেছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রতিটি ভেন্যুতেই প্রযুক্তিগুলো থাকবে। তবে ব্যবহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়া এই সিরিজে ইউডিআরএস ব্যবহারের পক্ষে। তবে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ইউডিআরএস ব্যবহারের সম্ভাবনা কম, কারণ ভারতে সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই এর বিপক্ষে। কিছুদিন আগে শচীন টেন্ডুলকার বলেছিলেন, ইউডিআরএসের কার্যকরতা সম্পর্কে তিনি ঠিক নিশ্চিত নন। বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সপ্তাহখানেকের মধ্যে। ওয়েবসাইট।