ইউনাইটেড-আর্সেনালের বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি। তা-ও আবার একই সময়েই। তবে সবার ভাগ্যটা এক রকম যায়নি। ওল্ড ট্রাফোর্ডে উইগানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ফার্গুসনের দল। নিজের ৭০০তম ম্যাচে ইউনাইটেডের পক্ষে প্রথম গোল করেন স্কোলস। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করলেও বিরতির পর গোল করে সেটা পুষিয়ে দেন হার্নান্দেজ। এরপর দুই নবাগত বাটনার ও পাওয়েলের গোলে বড় জয়ই পায় ইউনাইটেড। গোল উৎসব করেছে আর্সেনাল, ৬-১ গোলের লজ্জায় ডুবিয়েছে সাউদাম্পটনকে। দুটি গোল করেছেন গেরভিনহো। পোডলস্কি ও ওয়ালকট করেছেন একটি করে। বাকি দুটি ছিল আত্মঘাতী গোল। কিউপিআরের মাঠে গিয়ে পা হড়কেছে চেলসি, গোলের দেখা পায়নি কোনো দলই। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকেও রুখে দিয়েছে স্টোক সিটি। শুরুতেই ক্রাউচ স্টোকের পক্ষে গোল করেন। এরপর এই মৌসুমেই দলে আসা জাভি গার্সিয়া গোল করে সমতা ফেরান। শেষমেশ স্টোকের রক্ষণব্যূহ আর ভেদ করতে পারেনি তেভেজ, বালোতেল্লিরা। ফুলহামের হয়ে অভিষেকেই দুটি গোল করেছেন বারবেতভ। ফুলহাম ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে ৩-০ গোলে। সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করেছে লিভারপুল। ফ্লেচারের গোলে সান্ডারল্যান্ড এগিয়ে গেলেও লিভারপুলকে সমতায় ফেরান সুয়ারেজ। এএফপি।