ইউনাইটেড উড়িয়ে দিল ওয়েস্ট ব্রমকে

‘আমি ও আমার খেলোয়াড়েরা এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছি।’ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাহি দশার পর সমর্থকদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে এমনটাই বলেছিলেন ডেভিড ময়েস। ওয়েস্ট ব্রমকে ৩-০ ব্যবধানে উড়িয়ে অবশ্যে কোচের কথা রেখেছেন শিষ্যরা।
ইউনাইটেডের প্রথম গোল আসে জোনসের কাছ থেকে, ম্যাচের ৩৪ মিনিটে। ৬৫ মিনিটে দলকে এগিয়ে নেন ওয়েইন রুনি। ৮২ মিনিটে ওয়েস্ট ব্রমের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওয়েলবেক। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থানরত ওয়েস্ট ব্রমকে উড়িয়ে আত্মবিশ্বাসের রসদ খুঁজে পাবেন ময়েসের শিষ্যরা। তবে শিরোপা দৌড়ে তাঁদের সম্ভাবনা নেই বললেই চলে। এ জয়ে একটি ইতিবাচক দিক খুঁজে পেতে পারেন ইউনাইটেড সমর্থকরা। পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে ‘রেড ডেভিল’দের। ২৮ ম্যাচ খেলে ইউনাইটেডের পয়েন্ট ৪৮, অবস্থান ছয়ে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।