ইউনাইটেড কিংবদন্তি বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সব শর্ত পূরণ করে ট্র্যাকের কিংবদন্তি হয়েছেন লন্ডন অলিম্পিকে। উসাইন বোল্ট নিজেও হয়তো জানতেন না, এর মধ্যেই হয়ে গেছেন তিনি ফুটবল কিংবদন্তিও! আরেকটু নির্দিষ্ট করে বললে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি!’ ভুল পড়ছেন না, এটাই সত্যি। দুই বছর আগে একবার মজা করে ইউনাইটেডে খেলার ইচ্ছার কথা বলেছিলেন বোল্ট। এবার অলিম্পিকের সময় বলেছেন, সত্যিই ট্রায়াল দিতে চান। ট্র্যাকে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন বোল্ট, এই ইচ্ছাপ্রকাশটাই তাঁকে বানিয়ে দিচ্ছে ইউনাইটেড কিংবদন্তি। আগামী বছর সান্তিয়াগো বার্নাব্যুতে কোরাজন ক্লাসিক ম্যাচে বোল্টকে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিদের হয়ে মাঠে নামাতে চান স্যার অ্যালেক্স ফার্গুসন!রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য তিন বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে কোরাজন ক্লাসিক ম্যাচ। মাদ্রিদের সাবেকদের বিপক্ষে খেলে থাকেন আরেকটি নামী ক্লাবের সাবেকেরা। ২০১০ সালে সেই ক্লাব ছিল এসি মিলান, গত বছর বায়ার্ন মিউনিখ, এ বছর ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী বছরও কোরাজন ক্লাসিকে খেলবে ইউনাইটেড। হয়তো বেকহাম-ক্যান্টেনা-কিন-নেভিলদের পাশে ইউনাইটেডের জার্সি গায়ে খেলবেন বোল্ট!ইউনাইটেডের অফিশিয়াল ম্যাগাজিন ইনসাইড ইউনাইটেডকে স্যার ফার্গি বলেছেন, ‘উসাইন দারুণ এক চরিত্র ও ইউনাইটেডের বড় ভক্ত। ও একটি চ্যারিটি ম্যাচ খেলতে চেয়েছে। ব্যাপারটা দারুণ হতে পারে। আগামী বছর আবার যখন আমরা রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের বিপক্ষে খেলব, তখন ওকে মাঠে নামিয়ে দেখা যেতে পারে কেমন করে!’ অর্থাৎ এখানেও সবার চেয়ে আলাদা বোল্ট। বাকিরা দীর্ঘদিন ধরে ভালো খেলে তবেই কিংবদন্তির কাতারে জায়গা পান, আর বোল্ট প্রথম মাঠেই নামবেন কিংবদন্তি হয়ে!বোল্ট কিন্তু বলেননি চ্যারিটি ম্যাচ খেলতে চান। বেশ কিছু চ্যারিটি ফুটবল ম্যাচ খেলেছেন জানিয়ে ২০১০ সালে প্রকাশিত আত্মজীবনীতে মজা করে লিখেছিলেন, ‘অ্যালেক্স ফার্গুসন যদি ওই চ্যারিটি ম্যাচগুলোর কোনো একটিতেও আমাকে দেখতেন, হয়তো রায়ান গিগসের জায়গায় আমাকেই খেলাতেন!’ এরপর গত অলিম্পিকে তিন সোনা জয়ের পর বলেছিলেন, তিনি সত্যিই ইউনাইটেডে ট্রায়াল দিতে চান। ইউনাইটেডের ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড জবাবে বলেছিলেন, তিনি কোচকে বলে ট্রায়ালের ব্যবস্থা করে দেবেন। তবে চাওয়ামতো ট্রায়াল না হোক, ‘কিংবদন্তি’ হয়ে খেলতে নিশ্চয়ই আপত্তি করবেন না বোল্ট! তা ছাড়া ম্যাচটা তাঁর জন্য হতে পারে এক ঢিলে দুই পাখি শিকারের মতো। ২০০৮ সালে রিয়ালের ওয়েবসাইটকে বোল্ট বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ আমার কাছে যেকোনো ক্লাবের চেয়ে প্রিয়। যদি এক দিন অন্তত ওরা আমাকে ওদের সঙ্গে ট্রেনিং করতে দিত! আমি সিরিয়াস!’শুধু বোল্টের ইচ্ছা পূরণই নয়, ফার্গি কিন্তু বোল্টকে খেলাতে চাইছেন কৃতজ্ঞতা স্বীকারের দায় থেকেও। অলিম্পিকে বোল্টের সৌজন্যে যে তাঁর কিছু অর্থাগমও হয়েছে, ‘আমার ওকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত, কারণ অলিম্পিকে ও ছিল আমার সবচেয়ে বড় বাজি। অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে থেকে বোল্টের পক্ষে বাজির দর ছিল ৪-৫। দারুণ এক বাজি ছিল ওটা!’কদিন আগেই অবশ্য ফার্গির সঙ্গে দেখা হয়েছে বোল্টের। এ মৌসুমে ইউনাইটেডের প্রথম ঘরের ম্যাচে অতিথি হয়ে গিয়েছিলেন বিশ্বের দ্রুততম মানব। দুজন অনেকটা সময় কাটিয়েছেন, হাসি-কৌতুকে মেতে উঠতেও দেখা গেছে অনেকবার। দেখা যাক, আগামী বছর ওই ম্যাচে ফুটবল দিয়েও ফার্গির মন জয় করতে পারেন কি না স্প্রিন্টের রাজা! ওয়েবসাইট।