ইউনাইটেড ছাড়তে চান রুনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি
ওয়েইন রুনি

ওয়েইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন, এমন গুঞ্জন বহুদিন ধরেই বাতাসে ভাসছে। বিশেষ করে গত মৌসুমে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি ওল্ডট্র্যাফোর্ডে আসার পর রুনির প্রথম একাদশে জায়গা পাওয়া না-পাওয়া নিয়েই এই গুঞ্জনের ডালপালা মেলা। প্রথম একাদশে নিয়মিত জায়গা না পাওয়ায় এ গুঞ্জনের পালে লাগে জোর হাওয়া। রুনি অবশ্য গুঞ্জনকে পেছনে ফেলে এই মৌসুমে ইউনাইটেডেই খেলছেন। ফিরেছেনও স্বরূপে। প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।
রুনির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি। তবে রুনি নাকি এখনই লাল-কালো জার্সি শরীর থেকে খুলে ফেলতে উঠেপড়ে লেগেছেন। একেবারেই তিনি আগ্রহী নন, চুক্তিটা নবায়ন করার ব্যাপারে!
রেড ডেভিলসদের ডেরায় কেন মন টিকছে না রুনির? গত সপ্তাহেই অবশ্য কোচ ডেভিড ময়েস জোরের সঙ্গেই বলেছিলেন, রুনির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করা হবে। কিন্তু এতে রুনির কোন ভ্রূক্ষেপ নেই। বরং তিনি জোর তত্পরতা চালাচ্ছেন ম্যানচেস্টার ছাড়তে। গোল ডটকমকে একটি সূত্র জানিয়েছে, নতুন চুক্তির বিষয়টি ঠেকাতে রুনি নাকি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চেলসি অনেক দিন ধরেই আগ্রহী রুনির ব্যাপারে। কিন্তু ইউনাইটেড নাকি আর যেখানেই হোক রুনিকে চেলসির কাছে বিক্রি করতে রাজি নয়। চলতি মৌসুমে লিগে পয়েন্ট টেবিলে ইউনাইটেডের অবস্থা খুব একটা ভালো নয়। এখন তাঁদের অবস্থান নয়ে। তবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রুনির অবস্থান চারে। এ ক্ষেত্রে পার্সির অবস্থান আটে।
নয় বছর আগে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়েইন রুনি। এখন প্রিয় ক্লাবের সঙ্গে সত্যি বাঁধন আলগা করবেন কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।