ইউনাইটেড পাঠশালার তিন গুরু
স্বপ্নের দরজাটা এখন হাতছোঁয়া দূরত্বে। তবে এই দূরত্বটুকু পেরোনোই যে সবচেয়ে কঠিন! ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার ‘মহাযুদ্ধের’ শেষ ধাপে কাল বিকেএসপিতে যখন ঝাঁপিয়ে পড়েছে ২০০ জন কিশোর, তখন ঢাকায় এসে পৌঁছেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পাঠশালার তিন গুরু। কেভিন ও’কনেল, মাইকেল বেনেট ও মাইকেল ম্যাকক্লিন—ম্যানচেস্টার সকার স্কুলের তিন কোচ। ‘এয়ারটেল রাইজিং স্টারস’ প্রোগ্রামের ১২ জন ‘স্টার’ নির্বাচনের দায়িত্ব এই তিনজনেরই।মুঠোফোন সেবাদাতা কোম্পানি এয়ারটেল ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই যৌথ প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সারা দেশ থেকে নাম নিবন্ধন করেছিল প্রায় ৬০ হাজার কিশোর। সেখান থেকে স্থানীয় কোচরা বাছাই করেছেন ২০০ জন। কাল বিকেএসপিতে আটটি বিভাগীয় দলের (ঢাকা বিভাগের দুটি দল) মধ্যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর ফাইনালে উঠেছে ঢাকা-২ ও খুলনা বিভাগ। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বেলা ৩টায়, যা দেখবেন সকার স্কুলের তিন কোচ। তবে শুধু ফাইনালের দুই দল থেকেই নয়, ওল্ড ট্রাফোর্ডগামী ১২ জনকে বাছাই করা হবে ২০০ জন থেকেই।তিনজনই উয়েফা ‘বি’ লাইসেন্সধারী কোচ। তিনজনের হয়ে কথা বললেন অবশ্য শুধু ও’কনেল। সারা দেশ ছেঁকে পাওয়া প্রতিভাগুলো দেখার সুযোগ হয়নি তখনো। তবে ৪০ বছর বয়সী এই কোচ মুগ্ধ এয়ারটেলের প্রতিভা অন্বেষণের এই উদ্যোগেই, ‘এয়ারটেল ও ম্যানচেস্টার ইউনাইটেডের যৌথ উদ্যোগটা অসাধারণ বলতেই হবে। কিশোর প্রতিভা খুঁজে বের করার কাজটা সব সময়ই প্রশংসনীয়। এয়ারটেল এই অঞ্চলে কাজটা করছে অনেক বড় পরিসরে। বাংলাদেশ থেকে সম্ভবত ৬০ হাজারের মতো রেজিস্ট্রেশন করেছিল। একবার ভেবে দেখুন ৬০ হাজার! আশা করছি, দারুণ সব প্রতিভা আমরা খুঁজে পাব।’২০০ জন থেকে ১২ জন বাছাইয়ের দুরূহ কাজটা কীভাবে করবেন, সেটার একটা ধারণাও দিলেন ও’কনেল, ‘আমরা ছেলেদের মুখোমুখি লড়াইয়ে নামিয়ে দেখব কে জিততে পারে। এর মধ্যেই পাসিং, রিসিভিং, শ্যুটিং, বেসিক স্কিল—এসব দেখব। কিছু টেকনিক আমরা দেখিয়ে বলব সেভাবে করতে। আমাদের আরও কিছু পদ্ধতি আছে, যেগুলো আসলে ঠিক বলে বোঝানো যাবে না। আর ম্যাচটা তো আছেই, আশা করি প্রতিভা দেখেই আমরা চিনতে পারব। আর বিদেশি কোচ দেখে কেউ যাতে জড়সড় না হয়ে পড়ে, সেটাও আমাদের মাথায় থাকবে। রায়ান গিগস, পল স্কোলস, ওয়েইন রুনিদের গল্প, ইউনাইটেডের গল্প শুনিয়ে ওদের জড়তা কাটানোর চেষ্টা করব।’সপ্তাহ খানেকের জন্য ওল্ড ট্রাফোর্ডে গিয়ে সুদূরপ্রসারী লাভ কতটা হবে, সেই প্রশ্ন আছে অনেকের। ও’কনেলের ব্যাখ্যা, সুযোগটাকে সময়ের গণ্ডিতে বাঁধা যাবে না, ‘এই ছেলেরা ইউনাইটেডের সকার স্কুল, একাডেমিতে অনুশীলন করবে, ওল্ড ট্রাফোর্ডে যাবে, স্বপ্নের তারকাদের কাছ থেকে দেখবে, হয়তো একসঙ্গে ট্রেনিংও করবে—এটা তো অনন্য সুযোগ। মূল উদ্দেশ্য আসলে স্বপ্নটা বুনে দেওয়া। তার পরও বেসিক যা শিখবে, অনুশীলন-পদ্ধতি, ফিটনেস ট্রেনিং—এসব যদি চালিয়ে যায় আর দেশে ফিরে ভালো নির্দেশনা পায়, অনেক দূর না যাওয়ার কোনো কারণ দেখছি না।’আরেকটি বড় সুযোগও আছে। ২৪ নভেম্বর ইপিএলে ইউনাইটেড আর কুইন্স পার্ক রেঞ্জার্সের খেলাটাও ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবে নির্বাচিতরা। চাইলে তাই আহরণের সুযোগ আছে অনেক। সুদূরপ্রসারী প্রভাবটা তো সময়েই বোঝা যাবে। ও’কনেল যেমন বললেন, ‘কে জানে, এই ১২ জনের একজন একদিন ইউনাইটেডের জার্সিতে খেলবে না!’