ইউনাইটেড সমর্থক মানচিনি
নামীদামি একজন সমর্থক পেয়ে গেলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই নতুন সমর্থকের নাম রবার্তো মানচিনি। ভুল শোনেননি! ম্যানচেস্টার সিটি কোচ সত্যিই সমর্থন করতে যাচ্ছেন নগরপ্রতিদ্বন্দ্বীকে। সেটাও নাকি মাঠে গিয়ে ইউনাইটেডের লাল-সাদা পতাকা নিয়ে। তবে মানচিনির এই সমর্থন মাত্র দুই ম্যাচের জন্য। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ-ইউনাইটেড ম্যাচে মনেপ্রাণেই ইউনাইটেডের সাফল্য কামনা করবেন এই ইতালিয়ান। তবে মানচিনির এই সমর্থনের পেছনে অন্য উদ্দেশ্য আছে। প্রিমিয়ার লিগে ইউনাইটেড হোঁচট খাবে, ব্যবধানটা কমে যাবে দুই দলের; এই আশা অনেক দিন ধরেই মনে পোষণ করছেন সিটির কোচ। এবার ঘরোয়া ফুটবল ছেড়ে ইউরোপেও মন দিতে হবে লিগের শীর্ষ দলটিকে। চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড যতই এগোবে ততই লাভ সিটির। ইউনাইটেডের ওপর চাপটা তাতে বাড়বে বৈ তো কমবে না!গতবার পেছন থেকে উঠে নাটকীয়ভাবে লিগ জিতেছিল সিটি। এবারও যে সেটির পুনরাবৃত্তি হবে না, সেটা কে বলতে পারে? আর রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে যে ইউনাইটেডকে সর্বস্ব নিংড়ে দিয়েই খেলতে হবে, সেটাও ভালোই জানা মানচিনির। আর এই কারণটাই আশাবাদী বানিয়েছে তাঁকে, ‘রিয়ালের সঙ্গে খেলতে আমাদের কষ্ট হয়েছে। আমি মনে করি, ইউনাইটেডের জন্যও কাজটা কঠিন হতে যাচ্ছে। কারণ বার্সেলোনার পাশাপাশি এখন তারাই (রিয়াল) বিশ্বসেরা।’ ওয়েবসাইট।