কিছু হিসাব চুকানোর ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মৌসুমে নিজেদের মাঠে ছয় গোল খাওয়ার লজ্জা যে এখনো তাড়িয়ে বেড়ায়! তার কাছাকাছি কিছু ফিরিয়ে দেওয়ার সংকল্পের পালে হাওয়া লাগাচ্ছিল সাম্প্রতিক ফর্ম। টানা সাত ম্যাচে জয়, এর মধ্যে শেষ ছয়টিতে একবারও বল ঢোকেনি জালে। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতলে শিরোপা জয়ও অনেকটাই নিশ্চিত হয়ে যেত। কিন্তু সেসব কিছুই হলো না। উল্টো আগুয়েরোর দুর্দান্ত এক গোলে ইউনাইটেডকে আরেকটি পরাজয় ‘উপহার’ দিল ম্যানচেস্টার সিটি।শেষ পর্যন্ত ফলাফল ২-১। তবে সিটির প্রাধান্যের সাক্ষী প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫১ মিনিটে জেমস মিলনারের বাঁ পায়ের শট ইউনাইটেড ডিফেন্ডার জোনসের পায়ে লেগে দিক বদল করে জড়িয়ে যায় জালে। সমতা ফেরাতে অবশ্য ৮ মিনিটের বেশি সময় নেয়নি ইউনাইটেড। এ নিয়ে টানা ১০ ম্যাচে গোল পাননি রবিন ফন পার্সি। তবে অবদান ঠিকই রেখে যাচ্ছেন দলের জন্য। তাঁর ফ্রিকিক থেকেই হেড করেছিলেন জোনস। সেটা সিটি ডিফেন্ডার কোম্পানির গায়ে লেগে ঢুকে যায় জালে।তবে ম্যাচের আসল মুহূর্তটা বাকি ছিল তখনো। বদলি হিসেবে ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন সার্জিও আগুয়েরো। কোচের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে সময় নিলেন মাত্র আট মিনিট। ৭৮ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক দৌড়ে ছিটকে ফেললেন ইউনাইটেড রক্ষণব্যুহ। ডান পায়ের গোলার মতো শট ঠেকানোর সাধ্য ছিল না ডেভিড ডি গিয়ার।এই ম্যাচের আগেই সিটি কোচ রবার্তো মানচিনি শিরোপার আশা আর করছেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এই জয়ের পর দুই দলের পয়েন্টের ব্যবধান ১২। বাকি সাত ম্যাচে তা ঘোচানো কঠিন হলেও একেবারে অসম্ভব বলার তো উপায় নেই। মানচিনির মনে যদি একটু আশা থেকেও থাকে, সেটা চেপে রাখছেন মনেই, ‘আমরা জানি, পরের মৌসুমে আমরা শিরোপা জিততে পারি। এই মৌসুমে আমরা বেশ কিছু ভুল করেছি, এখন আমাদের আর কিছু করার নেই, মৌসুম শেষ। জয় পাওয়াটাই এখন গুরুত্বপূর্ণ, আমাদের পরের মৌসুমেও এভাবে খেলতে হবে।’ ম্যাচ শেষে মানচিনির আনন্দটা একটু ম্লান হয়ে গেছে ডেভিড সিলভার চোটে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চেলসির সঙ্গে সামনের এফএ কাপ সেমিফাইনালেও হয়তো খেলতে পারবেন না সিলভা।গত মৌসুমেই ছয় ম্যাচ বাকি থাকতে ৮ পয়েন্ট এগিয়ে ছিল ইউনাইটেড। নাটকীয় শেষ দিনে সিটিই জিতে নিয়েছিল শিরোপা। স্যার অ্যালেক্স ফার্গুসন কি সিঁদুরে মেঘ দেখছেন? হয়তো সে কারণেই ১২ পয়েন্টে এগিয়ে থাকার পরও শিষ্যদের মাটিতেই পা রাখতে বলছেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আপনি যদি ক্লাবের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন, আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করছি। প্রতিবারই সমর্থকদের স্নায়ুর চরম পরীক্ষা দিতে হচ্ছে। এখন এই ১২ পয়েন্টে এগিয়ে থেকে স্টোকের সঙ্গে খেলতে হবে আমাদের। গা ছেড়ে দেওয়া চলবে না।’তবে রেফারিকে একহাত নিতে ছাড়েননি ফার্গি। দাবি করেছেন, প্রথম গোলটির সময় সিটি স্ট্রাইকার তেভেজ অফসাইডে ছিলেন। আগুয়েরোর গোলের পেছনেও তাঁর দলের ডিফেন্ডারদের ব্যর্থতাকে দায়ী করছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা শ্রেয়তর দল ছিলাম। আগুয়েরো দারুণ একজন ফিনিশার, এটা আমরা সবাই জানি। সে জন্যই ওকে নামানো হয়েছিল। কিন্তু আমরা গোলটার জন্য ওকে একটু বেশিই জায়গা দিয়ে দিয়েছিলাম।’ এএফপি, ওয়েবসাইট।