ইউনাইটেডকে সিটির চ্যালেঞ্জ
পরশু নিউক্যাসলকে হারিয়ে সংশয়বাদীদের প্রতি ম্যানচেস্টার সিটি পরিষ্কার একটা বার্তা দিল, শিরোপার লড়াই তাদের শেষ হয়ে যায়নি। কোচ রবার্তো মানচিনির বিশ্বাস অন্তত সে রকমই। পরশু নিউক্যাসলের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে সিটি। ম্যাচ শেষে মানচিনির দাবি, এই জয়ই স্পষ্ট বলে দিয়েছে শিরোপাই সিটির একমাত্র লক্ষ্য।আগের সপ্তাহে নিজেদের মাঠে ‘ম্যানচেস্টার ডার্বি’তে হেরে যায় সিটি। ৩-২ গোলের ওই হারে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের চেয়ে সিটি পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে। সিটি শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ল কি না, উঠে যায় সেই আলোচনা। কিন্তু ওই আলোচনা দানা বাঁধার আগেই ঘুরে দাঁড়াল সিটি। বড় ওই ধাক্কার পর ঘুরে দাঁড়ানোটা সহজ ছিল না মোটেও। প্রতিপক্ষ নিউক্যাসলের মতো দল। কিন্তু মানচিনির শিষ্যরা মাঠেই প্রমাণ করেছেন ভেঙে পড়লে চলবে না।আগুয়েরো, জাভি গার্সিয়া ও ইয়া তোরের লক্ষ্যভেদে পাওয়া এই জয় শেষে আলেকসান্দ্রার কোলারভকে ঘিরে সিটি জড়িয়ে পড়েছে অন্য রকম এক ঝামেলায়। সিটির সার্বিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে। উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে তিনি নাকি এক সমর্থককে বর্ণবাদী গালি দিয়েছেন। সেই সমর্থকের হাতে ছিল আলবেনিয়ান পতাকা। প্রতিবেশী কসোভোর স্বাধীনতার প্রশ্নেই সার্বিয়া-আলবেনিয়ার সম্পর্ক তিক্ততায় ভরা। তবে ওই অনাকাঙ্ক্ষিত বিতর্কে না গিয়ে মানচিনি কথা বলেছেন ফুটবল নিয়েই, ‘মৌসুমের এখনো অনেক বাকি। স্যার অ্যালেক্স (ফার্গুসন) আমার চেয়ে তা আরও ভালো জানেন। তিনি জানেন, তিন ম্যাচ বাকি থাকতেও চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে যায় না। আর আমাদের হাতে এখনো ২১ ম্যাচ বাকি। কাজেই শিরোপা এখনো উন্মুক্ত।’ ফার্গুসনকে বড়দিনের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ইতালিয়ান কোচ।সিটির এই জয়ের পরও ব্যবধান সেই ৬-ই আছে। কারণ, পরশু জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ফন পার্সি, ক্লেভারলি ও রুনির গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে তাদের জয়টিও ৩-১ গোলে। ম্যাচ শেষে শিরোপা-সংক্রান্ত আলোচনায় না গিয়ে ফার্গুসন প্রশংসায় ভাসিয়েছেন দল এবং তরুণ মিডফিল্ডার ক্লেভারলিকে।এদিকে নিচের দিকের দল অ্যাস্টন ভিলার কাছে হারটা কিছুতেই মেনে নিতে পারেননি লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। পয়েন্ট তালিকার ১৪ নম্বরের দলের কাছে লিভারপুল হেরে গেছে ৩-১ গোলে, তা-ও নিজেদের মাঠে। ম্যাচ শেষে কোচ হতাশ কণ্ঠে এর দায় চাপিয়েছেন নড়বড়ে রক্ষণের ওপর। এএফপি।