ইউনাইটেডে দ্বৈত ভূমিকায় গিগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান গিগস: এখন আর শুধুই খেলোয়াড় নন
রায়ান গিগস: এখন আর শুধুই খেলোয়াড় নন

ম্যানচেস্টার ইউনাইটেডে সোনালি ক্যারিয়ারের শেষে কোচিংয়ে যোগ দেবেন। এটা তিনি বলে আসছেন অনেক দিন থেকেই। বুট জোড়া তুলে রাখার পর ডাগ-আউটে বসবেন, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন রায়ান গিগস। ফুটবল নিয়ে জীবনের পরবর্তী অধ্যায়ে পা ফেলার পথে এবার সত্যিই এগিয়ে গেলেন তিনি। ইউনাইটেডের খেলোয়াড়ের তকমাটা গায়ে থাকছেই, কাঁধে চাপছে সহকারী কোচের দায়িত্বও। নতুন কোচ ডেভিড ময়েস সহকারী হিসেবে বেছে নিয়েছেন এই উইঙ্গারকে। গিগসের সঙ্গে একই দায়িত্ব পেয়েছেন সাবেক ইউনাইটেড ও এভারটন তারকা ফিল নেভিলও।

ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নেওয়ার পর নিজের মনমতোই সহকারী বাছাই করছেন ময়েস। স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন এমন অনেকেই চাকরি হারিয়েছেন, এসেছেন এভারটনে ময়েসের সঙ্গে কাজ করেছেন এমন অনেকে। তবে গিগসের নিয়োগটা এ ক্ষেত্রে ব্যতিক্রম। ইউনাইটেডে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার ও অভিজ্ঞতা সবার কাজে লাগবে ভেবেই ৩৯ বছর বয়সী তারকাকে বাড়তি এই দায়িত্ব দিয়েছেন ময়েস, ‘আমি খুবই খুশি যে গিগস দায়িত্বটা নিতে রাজি হয়েছে। তার সাফল্য ও দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে মানিয়ে চলাটা আধুনিক ফুটবলে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের জন্য ওর ক্যারিয়ার একটা উদাহরণ। আমি নিশ্চিত, গিগস নিজে ও দলের সব খেলোয়াড় এতে উপকৃত হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৬৬০টি) ও সবচেয়ে বেশি লিগ শিরোপা (১৩টি) জেতা রায়ান গিগস গত মার্চে ফুটবলার হিসেবে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আরও এক বছরের জন্য। একই সঙ্গে কোচিং কোর্স করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মেই কোচ হিসেবে উয়েফা সনদও পেয়ে যাবেন। তার আগেই নিজের ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করতে পারাটা গিগসের জন্য হবে বাড়তি পাওনাই। দায়িত্বটা পেয়ে তাই উচ্ছ্বসিত ওয়েলসের এই ফুটবলার, ‘আমি কোচিং কোর্স করছি এটা তো আর গোপন কিছু নয়। ভবিষ্য ৎ ক্যারিয়ারের দিকে এটাই আমার প্রথম পদক্ষেপ। আমি ডেভিড ময়েস ও তাঁর দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

গিগসের মতোই এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন ফিল নেভিলও। কোচিং অভিজ্ঞতায় তিনি অবশ্য গিগসের চেয়ে কিছুটা এগিয়ে। এরই মধ্যে সনদও পেয়ে যাওয়া নেভিল কাজ করেছেন ইংল্যান্ড যুবদলের সঙ্গে। পেয়েছিলেন আরও কয়েকটি ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব। কিন্তু এভারটনে ক্যারিয়ারের শেষ সময়টা কাটানো নেভিলের স্বপ্ন ছিল তাঁর কৈশোর ও প্রথম যৌবনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং দলে কাজ করা। ডেভিড ময়েস দায়িত্ব নেওয়ায় সেটা কিছুটা সহজ হয়েছে। আর একসময়ের শিষ্যকে এবার সহকর্মী হিসেবে বেছে নিতেও খুব একটা ভাবতে হয়নি ময়েসকে। দুই বড় ফুটবলারকে সহকারী বানানো ময়েসের ওল্ড ট্রাফোর্ডে পথ চলাটা কেমন হয়, সেটাই এখন দেখার। বিবিসি, গার্ডিয়ান।