ইউনাইটেডে ফন গাল?
২২ এপ্রিল ডেভিড ময়েসকে বরখাস্ত করার পরপরই রায়ান গিগসকে অন্তর্বর্তী কোচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল নরউইচের বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেকও হয়ে গেছে গিগসের। ইউনাইটেড সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের পরামর্শ শুনলে গিগসের এই পথচলা দীর্ঘই হওয়ার কথা। ইউনাইটেডের অনেক সাফল্যের নেপথ্য নায়ক প্রকাশ্যেই বলেছেন, গিগসই ওল্ড ট্রাফোর্ডে দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত লোক। কারণ, দীর্ঘদিনের অভিজ্ঞতায় ক্লাবের সবকিছুই তাঁর জানা। গিগসকেই তাই পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
কিন্তু ফার্গুসনের এই পরামর্শ ইউনাইটেড কানে তুলবে বলে মনে হয় না। কারণ এরই মধ্যে নাকি নতুন কোচকে খুঁজে নিয়েছে ইউনাইটেড। আগামী মৌসুমে নাকি ইউনাইটেডের কোচ হিসেবে আসছেন লুইস ফন গাল। যিনি বর্তমানে হল্যান্ড জাতীয় দলের দায়িত্বে।
ময়েস বরখাস্ত হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল ফন গালের নাম। হল্যান্ডের জনপ্রিয় দৈনিক ডি টেলিগ্রাফ দাবি করছে, হল্যান্ড জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শেষ করেই ইউনাইটেডে যোগ দেওয়ার ব্যাপারটি চূড়ান্তই হয়ে গেছে। আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ বর্তমানে পর্তুগালের অ্যালগার্ভে নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন। সেখানেই নাকি ৬২ বছর বয়সী ডাচ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ ও টাকাপয়সার ব্যাপারে আলোচনাটা সেরে ফেলেছেন ইউনাইটেডের মালিক গ্ল্যাজার ভাইদের আইনজীবী এড উডওয়ার্ড।
যদিও ইউনাইটেডের পক্ষ থেকে ক্লাবের এক মুখপাত্র বলেছেন, ‘এই খবরের কোনো ভিত্তি নেই। আমরা নতুন কোচের সঙ্গে চুক্তি করিনি। যখন তা করব, আমরা ঘোষণা করব।’ এএফপি।