ইউনাইটেডে যাবে কিশোর ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক পরিকল্পনা অনেক দূর এগিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বাছাই করা ১৮-২০ জন ফুটবলারকে প্রশিক্ষণের জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে পাঠাবে বাফুফে। এর জন্য পৃষ্ঠপোষকও নাকি মোটামুটি পাকা হয়ে গেছে।
বাফুফের সব পরিকল্পনার অগ্রভাগে থাকেন কাজী সালাউদ্দিন। এ ক্ষেত্রেও তা-ই। সালাউদ্দিন কাল বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণের জন্য একটা কিশোর দল পাঠানোর কাজে অনেক দূর এগিয়েছি। তবে কবে কীভাবে এই সফর হবে, তা ঠিক করতে আরেকটু সময় লাগবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘অনূর্ধ্ব-১৬ একটা টুর্নামেন্ট করে আমরা খেলোয়াড় বাছাই করব। সেই প্রক্রিয়া চলছে এখন।’
এরই মধ্যে ইউনাইটেডের এজেন্টের সঙ্গে সফর নিয়ে কথা হয়েছে সালাউদ্দিনের। একটি মুঠোফোন কোম্পানি আর্থিক সহায়তা দিতেও এগিয়ে আসছে। কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাফুফে।
বছর খানেক আগে মুঠোফোন কোম্পানি এয়ারটেল সারা দেশ থেকে বাছাই করে ১২ জন অনূর্ধ্ব-১৬ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিল। ওই কিশোরদের কাছে ইউনাইটেডের একাডেমিতে সপ্তাহ দুয়েক থেকে অনুশীলন করে আসা আজীবন মনে রাখার মতো স্মৃতিই হয়ে আছে। আরও একদল কিশোরের একই অভিজ্ঞতা হলে বাংলাদেশের ফুটবল সমৃদ্ধই হবে।