ইউনাইটেডেই থেকে যাচ্ছেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো বল ঠেলে দিয়েছিলেন ওয়েইন রুনির কোর্টে। ইংলিশ ফরোয়ার্ড যথার্থ ‘শট’টাই নিলেন। স্পেশাল ওয়ানকে জানিয়ে দিলেন, ক্লাব ছাড়ার আবেদন তিনি করবেন না। থেকে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডেই। স্কাই স্পোর্টসের দেওয়া এই খবর সত্যি হলে এখানেই শেষ হলো রুনিকে নিয়ে কিছুদিন ধরে চলা ‘নাটক’।

ইউনাইটেডে সুখী নন রুনি। ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর ওপর নতুন কোচ ডেভিড ময়েস দায়িত্ব নিয়েই জানিয়ে দেন, আগামী মৌসুমে রুনিকে খেলতে হবে রবিন ফন পার্সির ছায়া হিসেবে। এদিকে রুনিকে নেওয়ার প্রবল আগ্রহ স্ট্রাইকার সংকটে থাকা চেলসির কোচ হোসে মরিনহোর। গত মাসে রীতিমতো বিবৃতি দিয়ে লন্ডনের ক্লাব চেলসি জানায় ইউনাইটেড স্ট্রাইকারের জন্য লিখিত প্রস্তাব দেওয়ার কথা। প্রস্তাবটা ছিল এক কোটি পাউন্ডের। তবে ইউনাইটেড জানিয়ে দেয়, ‘রুনি বিক্রির জন্য নয়’।

দ্বিতীয় দফায় দুই কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব দেয় চেলসি। সেটাও তাত্ক্ষণিকভাবে ফিরিয়ে দেয় রুনির ক্লাব। এর পরও ইংলিশ এই ফরোয়ার্ডকে পেতে আশা ছাড়েননি মরিনহো। তবে এবার আর অর্থ প্রস্তাব নয়, চেলসি ম্যানেজার এগিয়ে যান নতুন কৌশলে। পরশু সিদ্ধান্তটা রুনিকেই নিতে বলেন মরিনহো, ‘আমি মনে করি, পুরো কাহিনিটা যে শুরু করেছিল, তারই উচিত এটা শেষ করা। আমরা এত মূর্খ নই যে কেউ না চাইলে এ রকম চেষ্টা করব। হয়তো ও (রুনি) এখন সেখানেই থাকার কথা ভাবছে। এটা হলে আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাব এবং ব্যাপারটা এখানেই শেষ করব। কিন্তু আমাদের তো জানতে হবে কী হচ্ছে।’

মরিনহো জানিয়েছিলেন, রুনির ইচ্ছা জানার জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন তিনি। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সেই ইচ্ছাটাও জেনে গেলেন। শেষ  প্রচেষ্টাটা কাজে লাগল না, হতাশা বলতে এটাই। রুনি যে এই মুহূর্তে ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন না, সেটা তো মরিনহোর জানাই ছিল!