ইউনাইটেডেই শেষ দেখছেন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনালের ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন একরকম। অথচ দীর্ঘ আট বছর কাটানো ওই ক্লাবটিকে ছেড়ে এলেন গত বছর। নতুন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে গোলক্ষুধাটা অবশ্য বিন্দু পরিমাণও কমেনি রবিন ফন পার্সির। ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে করে ফেলেছেন ১৯ গোল। যে কারণে দলবদল, সেই আরাধ্য শিরোপাও প্রায় হাতের মুঠোয়। ফন পার্সি এখন পরিতৃপ্ত একজন মানুষ। এতটাই যে, বলেছেন ওল্ড ট্রাফোর্ডেই কাটিয়ে দিতে চান ক্যারিয়ারের বাকি সময়! বয়সটা এমন বেশি কিছু নয়, ২৯ চলছে কেবল। ৩৮ বছর বয়সী স্কোলস ও ৩৯ বছরের গিগসরা তো এখনো দাপিয়ে বেড়াচ্ছেন তাঁর পাশে। বুড়ো হলেই বাতিলের খাতায় ফেলে দেন, এই অপবাদ স্যার অ্যালেক্স ফার্গুসনকে কোনোভাবেই দেওয়া যাবে না। এ কারণেই হয়তো আর ক্লাব বদলের কথা ভাবছেন না পার্সি। বিবিসিকে বলেছেন, ‘আগামী কয়েক বছর আমি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকব। হয়তো আরও বেশি। এটাই হয়তো হবে আমার শেষ ক্লাব।’ইউরোপজুড়ে বেশ কয়েক বছর ধরেই একটা প্রবণতা লক্ষ করা যাচ্ছে, বয়সের কারণে ব্রাত্য হয়ে পড়া ফুটবলাররা পাড়ি জমান চীন, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোয়। ইউনাইটেডে ব্রাত্য হবেন না বলেই বিশ্বাস পার্সির, ‘ইউরোপে অনেক ক্লাবেই বয়সী খেলোয়াড়েরা ভালো আছে, তাদের মূল্যায়ন করা হচ্ছে। জুভেন্টাস বা এসি মিলানের কথাই ধরুন। এখন সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে। তাই কেউ বলতে পারে না আমি কত দিন থাকব এখানে।’সুখে যে আছেন সেটাও পরিষ্কার এই স্ট্রাইকারের কথায়, ‘ইউনাইটেডে প্রতিটি দিনই আমার কাছে নতুন চ্যালেঞ্জের মতো। আমি এখনো উন্নতির পথে আছি। যখন আপনার চারপাশে নতুন পরিবেশে নিত্যনতুন ভাবনা নিয়ে নতুন কোচ ও সতীর্থরা থাকবে তখন উন্নতির পালে আরেকটু হাওয়াই লাগবে।’ গুরু ফার্গিকে নিয়েও উচ্ছ্বাস গোপন করেননি, ‘আমার দেখা সবচেয়ে বন্ধুসুলভ মানুষগুলোর একজন তিনি। খেলার সময় আবার একেবারেই অন্য মানুষ হয়ে যান। তখন আমাদের মতোই তিনি একজন যোদ্ধা।’ এএফপি।