ইউনাইটেডের এগিয়ে যাওয়ার মিশন
আবারও তুঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসনের বৃহস্পতি। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমের দুঃস্বপ্নকে কবর দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোতে উঠে গেছে। গত সপ্তাহে মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগেরও শীর্ষে উঠেছে। কয়েক দিন আগে ওল্ড ট্রাফোর্ডে ২৬ বছর পুরো করা ফার্গি আজ একটু নির্ভার থাকতেই পারেন। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ অবনমন অঞ্চল থেকে মাত্র এক ধাপ ওপরে থাকা অ্যাস্টন ভিলা। ভিলার সঙ্গে ইউনাইটেডের রেকর্ডটা এমনিতেই দুর্দান্ত। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর দুই দলের মুখোমুখি ৪০ ম্যাচে ভিলা জিতেছে মাত্র একবার। খাবি খেতে থাকা ভিলাকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে আরেকটু জাঁকিয়ে বসতে পারে ইউনাইটেড। তবে খাঁটি পেশাদারের মতো ইউনাইটেড স্ট্রাইকার ওয়েইন রুনি আভাস দিয়েছেন, গা এলিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তাঁদের নেই, ‘আমরা এখন ভালো একটা জায়গায় আছি। আমাদের বেশ কয়েকটি ম্যাচ আছে যেগুলো থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আশা করি, আমরা সেটা করতে পারব।’ফুলহামের বিপক্ষে আজ মাঠে নামছে হঠাৎই ছন্দ হারিয়ে ফেলা আর্সেনাল। কিন্তু এই মুহূর্তে আর্সেন ওয়েঙ্গারের মাথায় শুধুই থিও ওয়ালকট। ইংলিশ এই উইঙ্গার এখনো আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি সই করেননি। অথচ আর্সেনাল কোচ যেকোনো মূল্যেই তাঁকে ধরে রাখতে চান। এখন লিগ জেতার স্বপ্নটাকে যেন খানিকটা ফিকেই মনে করছেন ওয়েঙ্গার, ‘আমরা এখন একটু অন্য রকম অবস্থায় আছি। আপনি যদি ম্যান সিটিকে দেখেন, প্রায় আধা বিলিয়ন তারা খরচ করেছে। তার ওপর ইউনাইটেড, চেলসি...ব্যাপারটা আসলে সোজা নয়।’ এএফপি।