ইউনাইটেডের গ্রিক ট্র্যাজেডি

এফএ কাপ, লিগ কাপ থেকে ইউনাইটেড ছিটকে পড়েছে আগেই। লিগেও শিরোপার আশা দুরাশামাত্র। চ্যাম্পিয়নস লিগটাই ছিল ইউনাইটেডের জন্য কিছু পাওয়ার। কিন্তু সেই আশাটুকুও যেন শেষ! চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ইউনাইটেডকে পরশু অলিম্পিয়াকস হারিয়ে দিয়েছে ২-০ গোলে। গ্রিসের কোন দলের কাছে ইউনাইটেডের প্রথম হার। নিজেদের মাঠে গ্রিক ক্লাবটি ঘটিয়ে দিল এক গ্রিক ট্র্যাজেডি! সেটা অবশ্য ইউনাইটেডের দিক থেকে। তা না হলে আলেজান্দ্রো ডমিঙ্গেজ ও জোয়েল ক্যাম্পবেলের গোলে পাওয়া জয়টা অলিম্পিয়াকসের আনন্দেরই উপাখ্যান।

একই রাতে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড করেছে ঠিক উল্টোটা। লিগে ইউনাইটেডের মতোই শোচনীয় অবস্থা ডর্টমুন্ডের। তার ওপর তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে রাশিয়া গিয়েছিল হারের হতাশা নিয়ে। এই ম্যাচের আগেই বুন্দেসলিগায় হামবুর্গের কাছে হার ছিল ৩-০ গোলে। সেই ডর্টমুন্ড জেনিত সেন্ট পিটার্সবার্গকে তাদের মাঠেই হারিয়েছে ৪-২ গোলে। ১৯ মার্চ ফিরতি লেগটি ঘরের মাঠে বলে ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করে দিতেই পারে!
ম্যাচের বয়সটা পাঁচ মিনিট হয়েছে কি হয়নি, ডর্টমুন্ড এগিয়ে যায় ২-০ গোলে। ৫৭ ও ৬৯ মিনিটের দুই গোলে করে জেনিত ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু সব শেষ করে দেয় ৬১ ও ৭১ মিনিটে লেভানডফস্কির দুই গোল।
দলের পারফরম্যান্সে কোচ ইয়ুর্গেন ক্লপ ভীষণ খুশি, ‘আমরা অবিশ্বাস্য গতিশীল এবং আক্রমণাত্মক ছিলাম। প্রেসিং এবং কাউন্টার প্রেসিংয়ে বিপজ্জনক একটা দলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ছিল নিখুঁত।’
অন্যদিকে ময়েসের ইউনাইটেড ছিল ছন্নছাড়া। ছিল ভুল পাসের ছড়াছড়ি। তার মাশুলই দিতে হয়েছে। ৩৮ মিনিটে জিয়ানিস মানিয়াতিসের শট আর্জেন্টাইন মিডফিল্ডার ডমিঙ্গেজের পায়ে লেগে দিক বদলে জালে। ৫৪ মিনিটে কোস্টারিকান ফরোয়ার্ড ক্যাম্পবেল ২৫ মিটার দূর থেকে গোল করেন সোয়ার্ভিং শটে। কোচ ময়েস সরল স্বীকারোক্তিই করেছেন, ‘আমি বিস্মিত। আমরা দারুণ ফর্ম নিয়ে এখানে এসেছিলাম। দলের মানসিক অবস্থাও ছিল ভালো। কিন্তু দল সেটা দেখাতে পারেনি। দায়টা আমারই। আমি কোচ।’ চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার আশায় ওল্ড ট্রাফোর্ডের ফিরতি ম্যাচের দিকে, ‘দ্বিতীয় লেগটা সামনে এবং ওল্ড ট্রাফোর্ডে অতীতে অনেক অসাধারণ রাতই কেটেছে। আমি আরেকটি অসাধারণ রাতের জন্যই তাকিয়ে আছি।’ ইউরোপিয়ান টুর্নামেন্টে ইউনাইটেড সর্বশেষ প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থেকেও পরের রাউন্ডে উতরে গিয়েছিল ১৯৮৪ সালে। উয়েফা কাপ উইনার্স কাপে, বার্সেলোনার বিপক্ষে।
অলিম্পিয়াকসের সামনে ১৯৯৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাতছানি। কোচ সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মিচেল উচ্ছ্বসিত। তবে পা তাঁর মাটিতেই, ‘আমরা অনেক দিন ধরেই নীরবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা জানতাম ইউনাইটেডের মান কেমন এবং আমরা জানি দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে তারা আরও ভালো খেলতে চাইবে।’ এএফপি।
একনজরে
জেনিত ২: ৪ ডর্টমুন্ড
অলিম্পিয়াকস ২: ০ ইউনাইটেড
* প্রথমে স্বাগতিক দল