ইউনাইটেডের চোখ এখন শীর্ষে

বারবার হাতঘড়ি দেখছিলেন। অপেক্ষাটা শেষ বাঁশির। জয়ের পর মুখে ভেসে উঠল হাসি। এই হাসি ওল্ড ট্রাফোর্ডের খুবই চেনা। তবে একদিক দিয়েও ‘অন্য রকমও’ বটে। এত দিন অ্যালেক্স ফার্গুসন ছিলেন ডাগ-আউটে। আর পরশু ছিলেন দর্শকের আসনে। ওল্ড
ট্রাফোর্ডে আর্সেনালকে ম্যানচেস্টার ইউনাইটেড হারাবে, আর ফার্গি সেখানে থাকবেন না, সেটাও কি হয়!
পরশু ১-০ গোলের জয়টা ইউনাইটেডকে দিয়েছে একঝলক স্বস্তির সুবাতাস। অথচ মাস দেড়েক আগেই ইউনাইটেড কোচ ডেভিড ময়েসের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। প্রথম ছয় ম্যাচ শেষে মাত্র দুটি জয়, ইউনাইটেড পয়েন্ট তালিকার পড়ে ছিল ১২ নম্বরে। ময়েস চাপ সামলাতে পারছেন না, বড় দলে এসে খেই হারিয়ে ফেলেছেন—এমন সব সমালোচনার তির বিঁধছিল তাঁকে।
আর্সেনালের সঙ্গে জয়ের পর সেসব এখন পেছনে ফেলে এসেছেন ময়েস। সে জন্য ওয়েইন রুনিকে আলাদা করে একটা ধন্যবাদ দেওয়াই উচিত তাঁর। ম্যাচের একমাত্র গোলটা রবিন ফন পার্সি করেছেন বটে, কিন্তু আলো ছড়িয়েছেন তো রুনিই। গোলটা ছিল রুনির ফ্রি-কিক থেকেই। এই মৌসুমে কোনো বড় খেলোয়াড় না কেনার আক্ষেপ থাকতে পারে স্কটিশ কোচের। রুনির ‘পুনর্জন্মের’ পর সেটা নিশ্চয়ই অনেকটাই কমেছে!
তবে পরম আরাধ্য জয়টা ময়েসের জন্য যতটা না আনন্দের, তার চেয়ে অনেক বেশি স্বস্তির। ময়েস সেটাই বললেন, ‘এটা ছিল আমাদের জন্য একটা বড় ফল। আর্সেনাল এই মৌসুমে অসাধারণ খেলছিল। জয় পেতে আমাদের খুবই ভালো খেলতে হতো।’ রুনির কণ্ঠেও কোচের সুর, ‘আমরা জানতাম ম্যাচটা কোনোমতেই হারা চলবে না। আর্সেনালকে আমরা ১১ পয়েন্ট এগিয়ে দেওয়ার বিলাসিতা করতে পারতাম না। আমাদের লক্ষ্য এখন নতুন বছরেই শীর্ষে বা কাছাকাছি যাওয়া।’
আর জয়ের আসল সুফলটা ময়েস দেখছেন এভাবে, ‘আমি মনে করি এটা সঠিক পথে যাত্রার একটা পদক্ষেপ। তবে এখান থেকে আমাদের আরও অনেক বড় ধাপ পাড়ি দিতে হবে।’
কিছুদিন আগেও তাদের শিরোপা ধরে রাখার আশাটাকে ধরা হচ্ছিল ‘উদ্ধত সাহস’। এই ম্যাচের পর সেটিকে বাস্তবসম্মত বলে মেনে নিতে আপত্তি থাকবে না অনেকের। ইংলিশ প্রিমিয়ার লিগ এখন আক্ষরিক অর্থেই উন্মুক্ত। এ ম্যাচের আগে আর্সেনাল ইউনাইটেডের চেয়ে এগিয়ে ছিল ৮ পয়েন্টে। পরাজয়ের পর ব্যবধান নেমে এসেছে পাঁচে। সবচেয়ে বড় কথা, সব বড় দলই শিরোপা লড়াইয়ে ভালোমতোই আছে।
সেটা অবশ্য হয়েছে পাগুলে একটা সপ্তাহের পর। ইউনাইটেড ও লিভারপুল ছাড়া এই সপ্তাহে হোঁচট খেয়েছে সব বড় দলই। একই দিনে হেরে বসেছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। নিজেদের মাঠে সিটি যতটা দুর্দান্ত, প্রতিপক্ষের মাঠে ততটাই বিবর্ণ। প্রতিপক্ষের মাঠে ছয় ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। আর টটেনহাম তো নিউক্যাসলের কাছে নিজেদের মাঠেই হেরে বসেছে। হারতে হারতে ড্র করেছে চেলসি।
এতসব বড় দলের ভিড়ে চমকের নাম সাউদাম্পটন। তারা এখন শীর্ষ তিনে। উত্থান-পতনে ভরা এই লিগে আর কত বিস্ময় অপেক্ষা করছে কে জানে! এএফপি।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
আর্সেনাল ১১ ৮ ১ ২ ২২/১০ ২৫
লিভারপুল ১১ ৭ ২ ২ ২১/১০ ২৩
সাউদাম্পটন ১১ ৬ ৪ ১ ১৫/৫ ২২
চেলসি ১১ ৬ ৩ ২ ১৮/১০ ২১
ম্যান. ইউনাইটেড ১১ ৬ ২ ৩ ১৮/১৩ ২০
এভারটন ১১ ৫ ৫ ১ ১৪/১০ ২০
টটেনহাম ১১ ৬ ২ ৩ ৯/৬ ২০
ম্যান সিটি ১১ ৬ ১ ৪ ২৮/১২ ১৯