ইউনাইটেডের জালে সিটির ৪ গোল
দুই বছর আগে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধ্বংস করেছিল ম্যানচেস্টার সিটি। ৬-১ গোলে হেরে অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড ভালোই টের পেয়েছিল পেট্রো ডলারের ঝনঝনানি। দুই বছর আবার একই অনুভূতি ইউনাইটেডের। এবার শহরের অপর প্রান্তে নিজেদের মাঠে ইউনাইটেডকে তিক্ত আতিথেয়তা উপহার দিল সিটি। ৪-১ জয়, নিজেদের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ডেভিড ময়েসের বিপক্ষে বড় ব্যবধানেই জিতলেন ম্যানুয়েল পেলেগ্রিনি। আর সিটির এ জয়ে দিনের শুরুতে স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া আর্সেনাল উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
প্রথম ৫০ মিনিটেই ৪ গোল, মনে হচ্ছিল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে সবচেয়ে বড় জয়টা তুলে নিচ্ছে সিটি। ১৯৮৯ সালে নিজেদের মাঠে ৫-১ গোলে জিতেছিল সিটি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া দলটি কাল আর গোল পায়নি। উল্টো শেষ দিকে খেয়ে বসেছে একটি। ১৬ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলেই প্রথম এগিয়ে যায় সিটি, প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধানটা দ্বিগুণ করেন ইয়া তোরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুটি গোল। ৪৭ মিনিটে আগুয়েরোর দ্বিতীয় গোলের পর ৫০ মিনিটে সামির নাসরির গোলেই ৪-০। ৮৭ মিনিটে ফ্রি কিক থেকে ওয়েইন রুনি শোধ দেন একটি গোল। এএফপি।