ইউনাইটেডের জ্বালা জুড়ানোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ২৩ অক্টোবর তারিখটা স্মৃতির ডায়েরি থেকে হয়তো মুছেই দিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে একের পর এক গোল করছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ক্রোধে চুইংগাম চিবুতে চিবুতে ফার্গি হয়তো মনে মনে বলছিলেন, দিন আমাদের আসবে! সেই দিনটিকে চলতি লিগেই পাওয়ার আশা ছিল ফার্গির। সিটির মাঠে গিয়ে তাঁর দল জিতল ৩-২ গোলে। তবে এতে কি নিজেদের মাঠে ৬ গোল খাওয়ার সেই জ্বালাটা জুড়োয়? আজ তাই ওল্ড ট্রাফোর্ডে আরেকটি ম্যানচেস্টার ডার্বিতে প্রতিশোধের ষোলোকলা পূর্ণ করতে চাইবে ইউনাইটেড। সেই সঙ্গে চাইবে শিরোপাটা প্রায় হাতে তুলে ফেলতে।এই ম্যাচটার আগে উত্তেজনায় টগবগ করে ফোটার কথা ছিল ম্যানচেস্টারবাসীর। মৌসুম এখন শেষের পথে। কিন্তু সেই উত্তেজনা কোথায়? লিগের বাকি মাত্র ৮টি ম্যাচ। অথচ ইউনাইটেড এগিয়ে গেছে ১৫ পয়েন্টে। শিরোপা লড়াইটা অনেকটাই পানসে। শিরোপার ওল্ড ট্রাফোর্ড যাত্রা থামাতে পারে অলৌকিক কিছু। সিটির কোচ রবার্তো মানচিনিও সেটা জানেন, মানেনও। কিন্তু এটাও বলছেন ১৫ পয়েন্ট বলতে যত ব্যবধান বোঝায় ব্যবধান আসলে ততটা নয়, ‘তারা ভালো খেলছে, অনেক ম্যাচও জিতেছে। নভেম্বরে নরউইচের ম্যাচের পর আর তারা হারেনি। তাই শীর্ষে থাকাটা ওদের প্রাপ্যই। কিন্তু টেবিলটা আসল ছবিটা দেখাচ্ছে না। ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকাটা আমাদের প্রাপ্য নয়।’ গত মৌসুমে সেই মহাকাব্যিক জয়ের পুনরাবৃত্তি করাটাও কঠিন বলে স্বীকার করছেন সিটির ইতালিয়ান কোচ, ‘৬-১-এ জেতা অসম্ভব। এটা হয়তো ১০০ বছরে একবার হবে।’ শিরোপা-দৌড় একরকম নির্ধারিত হয়ে যাওয়ায় ডার্বি ম্যাচটা অন্য সময়ের মতো উত্তেজনা ছড়াচ্ছে না। তবে ফার্গি সেটা মনে করেন না, ‘সত্যি বলতে কি ম্যাচটা আলাদা কিছু নয়। তার পরও আমি মনে করি তীব্রতাটা ভালোই থাকবে।’গত পরশু প্রিমিয়ার লিগের ম্যাচে টমাস রসিস্কির জোড়া গোলে আর্সেনাল ২-১ গোলে হারায় ওয়েস্ট ব্রমকে। কাল চেলসি ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। লিভারপুল ওয়েস্টহামের সঙ্গে গোলশূন্য এবং টটেনহাম ২-২ গোলে ড্র করেছে এ ভারটনের সঙ্গে। এএফপি।