ইউনাইটেডের জয় ছাপিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারুদে ঠাসা এক মহারণ দেখার প্রতীক্ষাতেই ছিলেন ফুটবলভক্তরা। প্রত্যাশা পূরণ হয়েছে তাঁদের। পরশু স্ট্যামফোর্ড ব্রিজ উত্তেজনা ও বিতর্কে ভরা এক ম্যাচই উপহার দিয়েছে। তাতে ৩-২ গোলে জিতে মৌসুমে চেলসিকে প্রথম হারের স্বাদ দিয়েছে ইউনাইটেড। ১২ মিনিটের মধ্যেই ০-২ গোলে পিছিয়ে পড়া চেলসি ম্যাচে সমতা ফেরায় ৫৩ মিনিটে। এরপর দু-দুটি লাল কার্ড দেখে নয়জনের দল হয়ে পড়া চেলসিকে শেষ আঘাতটা দেন হাভিয়ের হার্নান্দেজ। ৭৫ মিনিটে তাঁর বিতর্কিত গোলটাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। তবে অফসাইড পজিশন থেকে সরে এসে গোল করা ‘চিচারিতো’ নন, ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ। ম্যাচে একের পর এক বিতর্কিত ও ভুল সিদ্ধান্ত দেওয়া ক্ল্যাটেনবার্গের বিরুদ্ধে ম্যাচের পর উঠেছে আরও বড় অভিযোগ। নিজেদের দুই খেলোয়াড়কে বর্ণবাদী ধরনের মন্তব্য করেছেন রেফারি, ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করেছে চেলসি। এই দুই ফুটবলারের একজন নাইজেরিয়ান জন ওবি মিকেল। অন্যজন স্প্যানিশ হুয়ান মাতা। চেলসির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল এ বিষয়ে তদন্ত শুরু করেছে এফএ। তা ছাড়া আপাতত ম্যাচ পরিচালনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ল্যাটেনবার্গকে।বর্ণবাদী গালি যদি নাও দিয়ে থাকেন তবুও পরশু চেলসি ভক্ত-সমর্থকদের শাপশাপান্ত থেকে নিস্তার পাচ্ছেন না ক্ল্যাটেনবার্গ। তোরেসকে বিনা অপরাধে লাল কার্ড দেখানোটাই যথেষ্ট ছিল। এরপর ‘চিচারিতোর’ সেই গোল। বল পায়ে ইউনাইটেডের গোলমুখে এগোচ্ছিলেন তোরেস। ইউনাইটেড ডিফেন্ডার জনি ইভান্সের পায়ের ছোঁয়ায় তাল সামলাতে না পেরে পড়ে যান চেলসি স্ট্রাইকার। পকেটে হাত দিলেন ক্ল্যাটেনবার্গ, হলুদ কার্ড পাচ্ছেন ইভান্স, সবাই তা-ই ভাবল। কিন্তু সবাইকে হতবাক করে তোরেসকে দেখালেন হলুদ কার্ড। আগেই একবার কার্ড দেখা বিস্মিত তোরেস বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে। কিছুক্ষণ আগেই আরেক চেলসি খেলোয়াড় ইভানোভিচকেও লাল কার্ড দেখান রেফারি। এই দুই লাল কার্ডেই ম্যাচটা হেলে পড়ল ইউনাইটেডের দিকে। ১০ বছরের মধ্যে লিগে প্রথম স্ট্যামফোর্ড ব্রিজ জয়ের ভিত্তিটা শুরুর ১২ মিনিটেই গড়েছিল স্যার আলেক্স ফার্গুসনের দল। ৪ মিনিটে রবিন ফন পার্সির শট পোস্টে লেগে ফিরে এলেও ডেভিড লুইজের পিঠে লেগে আশ্রয় নেয় জালে (১-০)। ৮ মিনিট পর অবশ্য ফন পার্সি নিজেই গোল করেন (২-০)। বিরতির মিনিট খানেক আগে হুয়ান মাতার চমৎকার ফ্রি-কিকে ব্যবধান কমায় চেলসি (২-১)। ৫৩ মিনিটে অস্কারের ক্রসে মাথা ছুঁয়ে সমতা আনেন আরেক ব্রাজিলিয়ান রামিরেস। এই হারের পরও পয়েন্ট টেবিলে সবার ওপরে রবার্তো ডি মাত্তেওর দল। নয় ম্যাচে ২২ পয়েন্ট লন্ডনের ক্লাবটির। ২১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটি। গত শনিবার কার্লোস তেভেজের একমাত্র গোলে সিটি হারিয়েছে সোয়ানসিকে। ওই দিন জিতেছে আর্সেনালও। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে গানারদের একমাত্র গোলটি মাইকেল আর্টেটার। পরশু লিভারপুলের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে এভারটন। এএফপি, রয়টার্স।