ইউনাইটেডের জয়ের আনন্দে রুনি-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে অভিষেকেই গোল পেলেন রবিন ফন পার্সি ও শিনজি কাগাওয়া। মৌসুমের প্রথম ম্যাচের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠ ছেড়েছে স্বস্তির জয় নিয়ে (৩-২)। কিন্তু ম্যাচ শেষে ইউনাইটেড শিবিরে জয়ের আনন্দে মিশেছে অস্বস্তি। চোট পেয়েছেন ওয়েইন রুনি। চোটটা গুরুতরই। প্রতিপক্ষ ফুলহাম স্ট্রাইকার হুগো রোদাল্লেগার সঙ্গে সংঘর্ষে তাঁর উরুতে ভালোই জখম হয়েছে। ইংলিশ স্ট্রাইকারকে মাঠের বাইরে কাটাতে হবে এক মাস।ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন ক্লাবে নবাগতদেরই দিন যেন ছিল পরশু। ইউনাইটেডে ফন পার্সি ও কাগাওয়ার পর চেলসির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল পেয়েছেন এডেন হ্যাজার্ড। পেনাল্টি থেকে গোল করা বেলজিয়ান তরুণ গোল করিয়েছেন সতীর্থ ফার্নান্দো তোরেসকে দিয়েও। হ্যাজার্ড-তোরেস যুগলবন্দীতে চেলসি নিউক্যাসলকে হারিয়ে (২-০) তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। একই দিনে নিজ নিজ লিগে জয় দিয়েই শিরোপা অভিযান শুরু করেছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ।এভারটনের সঙ্গে লিগের প্রথম ম্যাচে রুনি ছিলেন নিষপ্রভ, ইউনাইটেডও হেরেছে ১-০ গোলে। পরশু তাই রুনিকে বসিয়ে ফার্গুসন শুরুর একাদশে নামিয়ে দেন আর্সেনাল থেকে আনা ফন পার্সিকে। ডাচ তারকা কোচের আস্থার প্রতিদান দিয়েছেন দুরূহ কোণ থেকে অসাধারণ গোল করে। তাঁর ১০ মিনিটের গোলে সমতায় ফেরে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসা ইউনাইটেড। তিন মিনিটে ফুলহামকে প্রথম এগিয়ে দেন ড্যামিয়েন ডাফ। এরপর কাগাওয়া ও রাফায়েলের গোলে ৩-১-এ এগিয়ে যাওয়া। ম্যাচের পঞ্চম গোলটিও ইউনাইটেডের একজনেরই, ৬৪ মিনিটে নেমানিয়া ভিদিচ বল জড়িয়ে দেন নিজেদের জালেই, আত্মঘাতী গোল!রুনি মাঠে নামেন ৬৮ মিনিটে, জাপানি মিডফিল্ডার কাগাওয়ার বদলি হিসেবে। যোগ করা সময়ের শেষ মিনিটে ঘটে বিপত্তি। রোদাল্লেগাকে ব্লক করতে গিয়ে তাঁর সঙ্গে সংঘর্ষে রুনির ঊরু কেটে যায় গভীরভাবে। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে মাঠেই। স্ট্রেচারে করে মাঠ ছাড়া রুনিকে দ্রুতই যেতে হয় হাসপাতালে। ফার্গুসন নিজেই জানিয়েছেন, রুনিকে মাঠের বাইরে কাটাতে হবে চার সপ্তাহ। রুনির ছিটকে পড়াটাকে দলের জন্য বড় ধাক্কাই মনে করছেন ফার্গুসন। তবে রুনির অনুপস্থিতিতে দলের দুই নতুন খেলোয়াড় ফন পার্সি ও কাগাওয়া দলকে টেনে নিয়ে যেতে পারবেন বলেও বিশ্বাস তাঁর। রুনির পজিশনে তাঁর হাতে অনেক বিকল্প আছে বলেও জানিয়েছেন ফার্গি, ‘সাধারণত আমরা একজন স্ট্রাইকারকে পেছনে খেলাই। কাজেই দলে রুনির যে ভূমিকা, ড্যানি ওয়েলবেকও তা করতে পারে। অ্যাশলি ইয়াং, রায়ান গিগস সেখানে খেলতে পারে।’ চেলসিতে অভিষিক্ত হয়েই মাঠে আলো ছড়াচ্ছেন হ্যাজার্ড। পরশু স্টাম্পফোর্ড ব্রিজেও কৌতূহলী দৃষ্টিটা ছিল ২১ বছর বয়সী তরুণের ওপরই। নিজে গোল করে, আরেকটি করিয়ে বেলজিয়ান তরুণ প্রত্যাশা পূরণ করেছেন। হ্যাজার্ডের অসাধারণ পারফরম্যান্স অন্যদের তাক লাগিয়ে দিলেও রবার্তো ডি মাত্তেও বিস্মিত নন। ‘তাকে নিয়ে আমরা বিস্মিত নই। কারণ গত মৌসুমে আমরা তাকে অনেক দেখেছি। তবে এটা ভিন্ন একটা লিগ। আপনি নিশ্চিত করে বলতে পারেন না, প্রিমিয়ার লিগে সে কীভাবে মানিয়ে নেবে। কিন্তু মনে হচ্ছে সে দ্রুতই মানিয়ে নিতে পেরেছে।’ বলেছেন চেলসি কোচ।নয় বছর পর গত মৌসুমে সিরি ‘আ’ ফিরে পাওয়া জুভেন্টাস এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচটিতে পরশু নিজেদের মাঠে পার্মাকে হারিয়েছে ২-০ গোলে। ডিএফএল সুপার কাপের শিরোপা দিয়ে মৌসুম শুরু করা বায়ার্ন মিউনিখ নতুন লিগ যাত্রায় নবাগত গ্রুথার ফুর্থের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। মারিও গোমেজবিহীন বায়ার্নকে বুন্দেসলিগায় জিতিয়েছেন টমাস মুলার, মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেন। এএফপি।